আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

ডা. সজীব হত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ 

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৪ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও একটি অভিযোগ দায়ের হয়েছে। কোটাবিরোধী আন্দোলনের সময় উত্তরায় গুলিতে নিহত হন ডা. সজীব সরকার। রবিবার তার বাবা হালিম সরকার ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় এ অভিযোগ দায়ের করেন। 

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ১৮ জুলাই বিকেলে উত্তরা আজমপুর রাজউক কমার্শিয়াল মার্কেটের সামনে ফুটওভার ব্রিজের নিচে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ডা. সজীব সরকার। এ ঘটনায় শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৩০ জনকে আসামি করে একটি অভিযোগ দাখিল করা হয়েছে। 

হালিম সরকার অভিযোগ করেন, ঘটনার দিন সজীব সরকার তার ভাই আব্দুল্লাহকে উত্তর এলাকার একটি মাদরাসা থেকে নরসিংদী বাড়িতে আনার জন্য গেলে পথিমধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা যান। 

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। রবিবার পর্যন্ত তার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থায় ২৮টি অভিযোগ দায়ের হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত