হোয়াটসঅ্যাপ এ সময়ের অনেক জনপ্রিয় মেসেজিং অ্যাপ। শুধু মেসেজ নয়, পছন্দের মানুষের চ্যাটবক্সে পাঠানো যায় ছবি থেকে অডিও, ভিডিও। তবে কিছু বিশেষত্বের জন্য হোয়াটসঅ্যাপের পাশাপাশি ইনস্টাগ্রামের দিকে বেশি ঝুঁকে পড়তে দেখা যায় সমাজমাধ্যম ব্যবহারকারীদের। ইনস্টাগ্রাম স্টোরিতে যেমন প্রিয়জনের নাম উল্লেখ করে ট্যাগ করা যায়, হোয়াটসঅ্যাপ স্টেটাসে কোনো ছবি, লেখা অথবা ভিডিও আপলোড করা গেলে সেই সুবিধা পাওয়া যেত না। হোয়াটসঅ্যাপবিটাইনফো (ডব্লিউএবিটাইনফো) -এর রিপোর্ট সূত্রে জানা গেছে, হোয়াটসঅ্যাপেও সেই সুবিধা পাওয়া যাবে। তবে তার জন্য রয়েছে বিশেষ কিছু শর্তও।
হোয়াটসঅ্যাপ স্টেটাসে ছবি বা ভিডিও পোস্ট করার সময় ক্যাপশন বারে অপশন দেখা যাবে। সেখানে ক্লিক করলেই ইচ্ছামতো কাউকে ট্যাগ করতে পারেন। আপনার ফোনে যাদের নম্বর সেভ করা রয়েছে তারা যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তবে শুধু তাদেরই স্টেটাসে ট্যাগ করা যাবে। স্টেটাসটি একবার আপলোড হয়ে গেলে আর নতুন কাউকে ট্যাগ করা যাবে না। যদি কাউকে ট্যাগ করার পর সরিয়ে ফেলতে চান তাহলে স্টেটাসে মুছে ফেলে আবার নতুন করে আপলোড করতে হবে। আপনি যাকে ট্যাগ করছেন, তার কাছেও নোটিফিকশনের মাধ্যমে পৌঁছে যাবে বার্তা। দুজনের চ্যাটবক্সে দেখা যাবে সেই নোটিফিকেশন। অন্য প্রান্তে থাকা ব্যক্তি যদি আপনার স্টেটাসটি আবার শেয়ার করতে চান তাহলে চ্যাটবক্সে থাকা বার্তার মধ্যেই সেই অপশন দেখা যাবে। ইনস্টাগ্রামেও স্টোরি পুনরায় শেয়ার করার সুবিধা রয়েছে। সে ক্ষেত্রে যার পোস্ট পুনরায় শেয়ার করা হয়, তার পরিচয় তেমনভাবে গোপন থাকে না। আসল পোস্টদাতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম দেখা যায় ‘রিশেয়ার’ করার পর। সেই সূত্র ধরে যিনি ‘রিশেয়ার’ করছেন, তার অ্যাকাউন্ট থেকে সরাসরি আসল পোস্টদাতার অ্যাকাউন্টেও পৌঁছে যাওয়া যায়। তবে হোয়াটসঅ্যাপে স্টেটাসে পুনরায় শেয়ার করলেও আসল পোস্টদাতার পরিচয় এবং ফোন নম্বর গোপন থাকবে। যিনি ‘রিশেয়ার’ করবেন, তার স্টেটাসে আসল পোস্টদাতার পরিচয় দেখা যাবে না।
এই সুবিধা পেতে গেলে গুগল প্লেস্টোর থেকে হোয়াটসঅ্যাপের সর্বশেষ বিটা সংস্করণ ইনস্টল করতে হবে। এখন সীমিত সংখ্যক মানুষ এই সুবিধা ভোগ করলেও। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীই এই সুবিধা লাভ করতে পারবেন। তবে এটা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরাই কয়েক সপ্তাহের মধ্যে হোয়াটসঅ্যাপের এই সুবিধা পাবেন। আই ফোনে আদৌ এই সুবিধা পাওয়া যাবে কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি।
