সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও একটি অভিযোগ দায়ের হয়েছে। কোটাবিরোধী আন্দোলনের সময় উত্তরায় গুলিতে নিহত ডা. সজীব সরকারের বাবা হালিম সরকার গতকাল রবিবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় এ অভিযোগটি করেন। প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ১৮ জুলাই বিকেলে উত্তরা আজমপুর রাজউক কমার্শিয়াল মার্কেটের সামনে ফুটওভার ব্রিজের নিচে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ডা. সজীব সরকার। এ ঘটনায় শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৩০ জনকে আসামি করে একটি অভিযোগ দাখিল করা হয়েছে। হালিম সরকার অভিযোগ করেন, ঘটনার দিন সজীব সরকার তার ভাই আবদুল্লাহকে উত্তর এলাকার একটি মাদ্রাসা থেকে নরসিংদী বাড়িতে আনার উদ্দেশ্যে গেলে পথে গুলিবিদ্ধ হয়ে মারা যান। বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। গতকাল পর্যন্ত তার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থায় ২৮টি অভিযোগ দায়ের হলো।
র্যাবের বিরুদ্ধে অভিযোগ : ২০২১ সালের ২৮ জুলাই ডা. ইশরাত রফিক ঈশিতাকে তার কাফরুলের বাসা থেকে র্যাব সদস্যরা তুলে নিয়ে নির্যাতনের অভিযোগে একটি অভিযোগ দেওয়া হয়েছে প্রসিকিউশন শাখায়। অভিযোগকারী অভিযোগে বলেন, তুলে নিয়ে যাওয়ার পর পাঁচ দিন গুম করে রাখার পর ১ আগস্ট তাকে মিডিয়ার সামনে উপস্থাপন করে র্যাব। এরপর ২ আগস্ট তাকে তিনটি মামলায় কোর্টে চালান করে দেয়। ঘটনার পাঁচ দিনে তার ওপরে অমানুষিক নির্যাতন করা হয়। তাকে ভুয়া ডাক্তার হিসেবে উপস্থাপন করা হয়। তার সার্টিফিকেট জাল মর্মে সংবাদ সম্মেলন করা হয় এবং তাকে কিছু মাদকসহ আদালতে পাঠানো হয়। এ অভিযোগে তিনি র্যাবের ছয়জনকে আসামি করেছেন।
