কারও কারও বেড়াতে যাওয়ার শখ থাকলেই হয় না। পর্যাপ্ত টাকা না থাকার কারণে যেতে পারেন না। তাই যারা বেড়াতে চান তারা কীভাবে সঞ্চয় করবেন, তার সুষ্ঠু পরিকল্পনা জানা জরুরি। কী কী ভাবে বেড়ানোর জন্য টাকা জমাতে পারেন জেনে নিন।
কত টাকা জমাতে চান
দেশে যেতে চান না বিদেশে, কত দিনের ভ্রমণ পরিকল্পনা, কত জন যাবেন, কোন সময় যাবেন, তার ওপর নির্ভর করে খরচ। যেখানে যেতে চাইছেন, সেই জায়গাটি সম্পর্কে বিশদে জেনে নিয়ে খরচের প্রাথমিক লক্ষ্যমাত্রা স্থির করে নিন। সেই মতো কীভাবে সঞ্চয় শুরু করলে সুবিধা হবে, তার পরিকল্পনা করা দরকার।
মাসিক বাজেট
প্রথমেই দেখে নেওয়া প্রয়োজন মাসের খরচ কতটা হচ্ছে। বিদ্যুতের বিল, গ্যাস, ফোন, খুদের পড়াশোনা, মুদিখানা প্রথমেই অত্যাবশ্যকীয় খাতে কত টাকা প্রয়োজন হচ্ছে, দেখে নিতে হবে। এবার পারিবারিক আয় কত, সেখান থেকে অত্যাবশ্যকীয় খরচ বাদ দিলে কত টাকা থাকছে, দেখতে হবে। তার মধ্যে একটি অংশ স্বাস্থ্য খাতে, ভবিষ্যতের জন্য রাখার পর একটি অংশ বেড়ানোর জন্য বরাদ্দ করতে পারেন।
অপ্রয়োজনীয় খরচ
অনেকেই অনেক ধরনের অপ্রয়োজনীয় খরচ করেন। একটু চেষ্টা করলে সেই খাতে খরচ কমিয়ে সঞ্চয় করা সম্ভব হতে পারে। অতিরিক্ত কেনাকাটা, পোশাক কেনা, রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া। এমন জায়গাগুলো চিহ্নিত করে টাকা বাঁচিয়ে ভ্রমণের জন্য ব্যবহার করতে পারেন।
সবার সহযোগিতা
বাড়ির একজন সদস্য রোজগেরে হলেও সবাই যদি খরচ থেকে একটু একটু করে টাকা জমাতে পারেন, তা হলেও সুবিধা হতে পারে। বড়রা সংসার খরচ বাঁচিয়ে কিছুটা সঞ্চয় করতে পারেন। খুদেকেও মাটির ভাঁড়ে পয়সা ফেলায় উৎসাহ দেওয়া যায়। হয়তো সেই অঙ্কটা খুবই কম হবে, তবে এর মাধ্যমে শিশুও বেড়ানো ও সেজন্য সঞ্চয়ে উৎসাহী হবে।
পরিকল্পনা অনুযায়ী সঞ্চয়
কোথায় বেড়াতে যাবেন, কত খরচ পড়ব সে সম্পর্কে ধারণা থাকলে সঞ্চয়েও সুবিধা হবে। কত টাকা ভ্রমণের জন্য প্রয়োজন, তা বুঝে নিয়ে মাসে মাসে সঞ্চয় করুন।
বিনিয়োগ
অর্থ বাঁচিয়ে শুধু ঘরে রাখলেই চলবে না। সঠিক খাতে বিনিয়োগ প্রয়োজন। তবে পুরোটাই ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ঢেলে দিলে, বছর শেষে ভ্রমণের পরিকল্পনা ভেস্তে যেতে পারে। ঝুঁকিহীন বা কম ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ করতে পারেন।
বিমানের টিকিট, হোটেল বুকিং, অফ সিজনে ভ্রমণ করলে কিছুটা খরচ কম হয়। তাই সঞ্চয়ের পাশাপাশি সঠিক সময়ে বেড়ানোর জন্য বুকিং সেরে রাখুন। অনেক সময় ক্রেডিট কার্ড ব্যবহারেও ছাড় পাওয়া যায়। এ রকম কিছু সুযোগ থাকলে, নেওয়ার চেষ্টা করতে পারেন।
