বাংলাদেশের কাছে দুই টেস্টে বাজে হারের পর ধারনা করা হচ্ছিল শান মাসুদের নেতৃত্ব চলে যাবে। তবে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য তাকেই অধিনায়ক রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
মঙ্গলবার শানকে অধিনায়ক করেই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এই টেস্টটি ৭ থেকে ১১ অক্টোবর মুলতানে অনুষ্ঠিত হবে।
দলে একমাত্র পরিবর্তন বাঁহাতি স্পিনার নোমান আলীকে অন্তর্ভুক্ত করা। নোমান আলী আহত খুররম শেহজাদের স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি এই সিরিজ থেকে ছিটকে গেছেন।
পাকিস্তান ৩০ সেপ্টেম্বর সোমবার মুলতানে একত্রিত হবে এবং ১ অক্টোবর থেকে প্রস্তুতি শিবির শুরু হবে।
প্রথম টেস্টের জন্য পাকিস্তানের দল:
শান মাসুদ (অধিনায়ক), সউদ শাকিল (সহ-অধিনায়ক), আমির জামাল, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, মীর হামজা, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), নাসিম শাহ, নোমান আলী, সাইম আয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ (উইকেটকিপার), এবং শাহীন শাহ আফ্রিদি।
