নীলফামারীর ডোমারে পেট্রোল পা¤েপ বিস্ফোরণে সোহাগ আলী (৩০) নামের এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার চিলাহাটি বন্দরের চৌরাস্তা এলাকার আব্দুল্লাহ হ্যাচারি অ্যান্ড ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। আহত কর্মচারীকে চিলাহাটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে প্রথমে ডোমার উপজেলা হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত যুবক সোহাগ চিলাহাটি লিচুতলা গ্রামের ইরফান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী আশরাফ আলী ও এলাকাবাসী জানায়, ওই ফিলিং স্টেশনে তেলের ট্যাঙ্কারে লিকেজ ধরা পড়ে। লিকেজ সারার জন্য ওয়েল্ডিং মেকারকে ডেকে আনে পাম্পের কর্মচারী সোহাগ। লিকেজ বন্ধ করার জন্য ওয়েল্ডিং করার সময় পাশে দাঁড়িয়েছিলেন তিনি। হঠাৎ ট্যাঙ্কারটি বিস্ফোরণ ঘটলে তার দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।
চিলাহাটি ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান বলেন, ‘আহত সোহাগের দুটি পা বিচ্ছিন্ন হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।’
