বাংলাদেশ-চীন সহযোগিতামূলক অংশীদার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩২ এএম

চীন ও বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান। এ ছাড়া দুই দেশ বিস্তৃতভাবে কৌশলগত সহযোগিতামূলক অংশীদার বলেও মন্তব্য করেন তিনি। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সংবাদমাধ্যম বেইজিং ডেইলির প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গতকাল ঢাকায় অবস্থিত চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়। ফেসবুকের সেই পোস্ট থেকে এসব তথ্য জানা যায়। সংবাদমাধ্যম বেইজিং ডেইলির প্রতিবেদক প্রশ্ন করেন, ‘বাংলাদেশে সাম্প্রতিক অভ্যুত্থানের সময় যারা গুরুতর আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসা দিতে গত ২২ সেপ্টেম্বর ঢাকায় একটি জাতীয় জরুরি মেডিকেল টিম পাঠিয়েছে চীন। এ ব্যাপারে আপনার মন্তব্য কী?’ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান তখন বলেন, এ ব্যাপারে সব তথ্য কর্র্তৃপক্ষ আগেই জানিয়ে দিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে চিকিৎসা সহায়তা দিতে জাতীয় জরুরি মেডিকেল টিম পাঠানো হয়েছে। সেখানে থাকার সময় মেডিকেল টিম তার দক্ষতার পূর্ণ ব্যবহার করবে এবং মানবিক চিকিৎসা প্রদানের জন্য যথাসাধ্য চেষ্টা করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত