ভালোবেসে ভিন্নধর্মে বিয়ে করেছিলেন বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। ৮ বছরের দাম্পত্য জীবন এখন ভাঙনের পথে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ১০ বছরের ছোট স্বামী মহসিন আখতার মীরের থেকে বিচ্ছেদ চেয়ে মামলা করেছেন অভিনেত্রী।
হিন্দুস্তান টাইমস বলছে, মুম্বাইয়ের একটি আদালতের একটি অজ্ঞাতনামা সূত্র এই তথ্য শেয়ার করেছে। বিচ্ছেদের কারণ এখনও প্রকাশ্যে আসেনি।
সেই সূত্রের খবর, ‘খুব ভেবেচিন্তেই মহসিনের সঙ্গে বিয়েতে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন উর্মিলা। ইতিমধ্যেই আদালতে ডিভোর্সের আবেদন করেছেন তিনি। বিচ্ছেদের কারণ এখনও জানা না গেলেও পারস্পরিক শর্তে বিবাহবিচ্ছেদ হচ্ছে না।’
২০১৪ সালে ডিজাইনার মণীশ মালহোত্রার ভাইঝির বিয়েতে কাশ্মীরের ব্যবসায়ী ও মডেল মহসিনের সঙ্গে উর্মিলার পরিচয়। সেখান থেকেই প্রেম। এরপর ২০১৬ সালে তারা অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়ে বিয়ে করেন।
শুধু মুসলিম পাত্রকে বিয়ে করার জন্য, বয়সের ফারাক নিয়েও কম কটাক্ষ শুনতে হয়নি উর্মিলাকে। দুজনের মধ্যে ১০ বছরের বয়সের ব্যবধান নিয়ে আলোড়ন পড়েছিল সামাজিক মাধ্যমে। তবে প্রকাশ্যে সবসময়ই নিজেদের সুখী দম্পতি হিসাবেই তুলে ধরেছেন তারা।
উর্মিলা বলিউডে অনেক সিনেমায় কাজ করলেও সেভাবে ক্যারিয়ারকে সমৃদ্ধ করতে পারেননি। একটা সময় গ্ল্যামার জগত থেকে অনেকটা হারিয়ে যান এই অভিনেত্রী। ২০১৯ সালে ভারতীয় কংগ্রেসের টিকিটে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন মুম্বাই থেকে। কিন্তু ভাগ্য সহায় হয়নি। রাজনীতিতেও সেভাবে এগুতে পারেননি।
দীপিকার জীবন বদলে গেছে