১৫ বছর পর বেতারে মনির খান

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৬ এএম

তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীতশিল্পী মনির খান গত ১৫ বছরে বাংলাদেশ বেতারে ছিলেন না। বলা হয় তাকে কালো তালিকাভুক্ত করা হয়েছিল। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এবার বাংলাদেশ বেতারে দেখা গেল জনপ্রিয় এই গায়ককে। নতুন একটি গানে কণ্ঠও দিলেন। ইতিমধ্যে চারটি গানে কণ্ঠ দিয়েছেন মনির খান।  গতকাল মনির খান নিজেই এই তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ বেতারের চারটি গানে কণ্ঠ দিলেও এর মধ্যে একটি গান প্রকাশ হওয়ার আগেই শুরু হয়েছে আলোচনা। কেননা, গানটি ‘বৈষম্যবিরোধী’। ‘এক মহাক্যাব্য লেখা হলো ছাত্র-জনতার অভ্যুত্থানে/ বাংলাদেশ নতুন করে পেয়েছি তোমায় ভালোবাসার ঐকতানে’, এমন কথায় গানটি লিখেছেন গীতিকার মুন্সি ওয়াদুদ। আর এর সুর ও সংগীতায়োজন করেছেন মকসুদ জামিল মিন্টু।

এদিকে ‘বৈষম্যবিরোধী’ গানটি স্টুডিওতে রেকর্ডিংয়ের সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। দায়িত্ব গ্রহণের পর এটিই প্রথমবারের মতো বেতার পরিদর্শন ছিল নাহিদ ইসলামের।

‘বৈষম্যবিরোধী’ গানটি সম্পর্কে মনির খান বলেন, গত সোমবার বেতারের স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়েছে। গীতিকার মুন্সি ওয়াদুদ, তিনি তো বরাবরই ভালো লেখেন। তার লেখনি নিয়ে নতুন করে বলার কিছু নেই। আবার মকসুদ জামিল মিন্টু ভাইয়ের সুরের কথা কী বলব, অসাধারণ। সব মিলে অনেক সুন্দর একটি গান করেছি আমরা।

তিনি বলেন, একজন সাধারণ মানুষ বলেন আর সংগীতশিল্পী বলেন, একটা কথাই বলবÑ কখনো কোনো শিল্পীকে যেন কোনোভাবে তার সৃজনশীল কাজে বাধা প্রদান করা না হয়। শিল্পীদের সঙ্গে যেন প্রতিহিংসার রাজনীতি না হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত