জিতলেও ‘শক্তি অপচয়’ করবেন না গার্দিওলা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫ এএম

একে তো দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ইনজুরি, এরপর আবার ঠাসা সূচি নিয়ে বেশ বিপাকে রয়েছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। রবিবার আর্সেনালের বিপক্ষে ম্যাচে রদ্রিকে দীর্ঘ সময়ের জন্য হারানোর পর মঙ্গলবার রাতে কারাবাও কাপ (লিগ কাপ) খেলতে নামতে হয় সিটিকে। ওয়াটফোর্ডের বিপক্ষে ২-১ গোলের সহজ জয় পেলেও এ টুর্নামেন্ট নিয়ে গার্দিওলার অবস্থান স্পষ্ট। বলে দিয়েছেন কারাবাও কাপে ‘শক্তি অপচয়’ করবেন না তিনি।

আর্সেনালের বিপক্ষে খেলা একাদশের ৯ জনকে বাইরে রেখেই দল নামিয়েছিলেন গার্দিওলা। ছিলেন শুধুমাত্র জেরেমি ডোকু ও কাইল ওয়াকার। আর্সেনাল ম্যাচে চোটে পড়া মিডফিল্ডার রদ্রির জায়গায় খেলেছেন নিকো ও’রাইলি। ১৯ বছর বয়সী মিডফিল্ডার এই প্রথম সিটির প্রথম একাদশে সুযোগ পেলেন। একাদশে ছিলেন ১৬ বছর ২২৯ দিন বয়সী ক্যাডেন ব্র্যাথওয়েটও। সিটির ইতিহাসে তৃতীয় কম বয়সী খেলোয়াড় হিসেবে অভিষেক হয় ব্রাথওয়েটের। এদিন ওয়াটফোর্ডের জালভেদ করেছেন ডোকু ও ম্যাথিয়াস নুনেসের গোলে। সিটির হয়ে ৩৪তম ম্যাচে এসে প্রথম গোল পেলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার নুনেস। ৮৬ মিনিটে ওয়াটফোর্ডের হয়ে এক গোল শোধ করেন টম ইনসে।

ম্যাচ জেতার পর গার্দিওলা ঘোষণা দেন কারাবাও কাপের পরের ম্যাচেও দ্বিতীয় সারির দল নামানোর, ‘আমি ঘোষণা দিয়ে দিচ্ছি পরের রাউন্ডেও আমি দ্বিতীয় সারির দল নামাব। এটা একদম নিশ্চিত যে আমরা শক্তির অপচয় করব না।’ কারাবাও কাপকে কম গুরুত্ব দেওয়ার কারণও ব্যাখা করেছেন তিনি, ‘সূচি তো সূচিই, এটা তো আমাদের হাতে নেই। আমরা পরবর্তী রাউন্ডে উঠতেই ফুটবল খেলি। আমরা কখনোই কোনো টুর্নামেন্টকে হালকাভাবে নিই না। তবে ব্যাপারটা হলো ৫০ ঘণ্টা আগেই একটা ম্যাচ খেললাম। আমি এই টুর্নামেন্টের জন্য প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগে নিজেদের সম্ভাবনাকে ঝুঁকির মুখে ফেলতে পারি না।’ ব্রায়ান ক্লফ ও স্যার অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে সর্বোচ্চ চারবার কারাবাও কাপ জয়ের রেকর্ড রয়েছে গার্দিওলার।

তৃতীয় রাউন্ডের আরেক ম্যাচে লিগ টুর ক্লাব ব্যারোকে ৫-০ গোলে হারিয়েছে চেলসি। স্টামফোর্ড ব্রিজের ম্যাচটিতে হ্যাটট্রিক করেছেন ক্রিস্টোফার এনকুঙ্কু। চেলসির অন্য দুটি গোলের একটি আত্মঘাতী, অপরটি করেছেন পেদ্রো নেতো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত