হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছে নরসিংদীর আদালত। গতকাল বুধবার নরসিংদীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলামের আদালত এই আদেশ দেন। এর আগে গত মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ আউয়ালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল রাজধানীর কলাবাগান থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে মঙ্গলবার রাতে গ্রেপ্তারের পর গতকাল দুপুর ১২টার দিকে নরসিংদীর আদালতে হাজির করা হয়। আদালতে মাধবদীর শ্রমিকদল নেতা জাহাঙ্গীর হোসেন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী। তবে বিচারক রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। একই সঙ্গে তাকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
আসামিপক্ষের আইনজীবী খন্দকার হালিম বলেন, ‘বয়স এবং শারীরিক অসুস্থতা ছাড়াও ঘটনাস্থলে অনুপস্থিতি বিবেচনায় আদালত তাকে রিমান্ডে না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।’
তবে এ আদেশের বিরোধিতা করে আপিলের সিদ্ধান্ত জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী আব্দুল কাদির টিটু।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট মাধবদীতে হামলার ঘটনা ঘটে। এতে মাধবদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন নিহত হন। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আমির হোসেন বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১২৭ জনের বিরুদ্ধে নরসিংদীর আদালতে মামলা করেন। ওই মামলায় অ্যাডভোকেট নূরুল মজিদ হুমায়ূনকে ৬ নম্বর আসামি করা হয়।
সাবেক এমপি এমএ আউয়াল গ্রেপ্তার : সাবেক এমপি এমএ আউয়ালকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, প্রতারণার মামলায় এম এ আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে।
এমএ আউয়াল ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এবং তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব। তিনি তরিকত ফেডারেশনের মহাসচিব থাকাকালে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৪-দলীয় জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে তরিকত ফেডারেশনের মহাসচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হলে তিনি ইসলামী গণতান্ত্রিক পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন।
২০২১ সালে জমি নিয়ে বিরোধের জেরে রাজধানীর পল্লবীতে সাহিনুদ্দিন নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় এমএ আউয়ালকে নরসিংদীর ভৈরবের একটি মাজার থেকে এর আগে একবার গ্রেপ্তার করেছিল র্যাব।
