দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর হার মানলেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল। বেশ কিছুদিন ধরেই তিনি কিডনি ও হৃদরোগসহ নানা রকম শারীরিক জটিলতায় ভুগছিলেন। ডায়ালাইসিস চিকিৎসার মাধ্যমে কিডনি সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে এলেও গত ৫ সেপ্টেম্বর আক্রান্ত হন ডেঙ্গুতে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। সেখানেই গতকাল বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অঘোর মন্ডল। তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশের অভিজ্ঞ ও নামি ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল তিন দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। নব্বইয়ের দশকে আজকের কাগজ দিয়ে তার সাংবাদিকতা জীবনের শুরু। এরপর কাজ করেছেন দৈনিক ভোরের কাগজে। এক সময় প্রিন্ট মিডিয়া ছেড়ে অঘোর মন্ডল যোগ দেন ইলেকট্রনিক সম্প্রচার মাধ্যমে। কাজ করেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল আই, দীপ্ত টিভি ও এটিএন নিউজে। সর্বশেষ ছিলেন এটিএন নিউজের ডিজিটাল অ্যান্ড নিউ মিডিয়ার বার্তা সম্পাদকের দায়িত্বে। পাশাপাশি বিভিন্ন পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যমে কলামও লিখতেন তিনি। কলামিস্ট হিসেবে লেখালেখি করেছেন ক্রিকেট থেকে শুরু করে রাজনীতিসহ আরও অনেক বিষয়েই।
হাসপাতাল থেকে অঘোর মন্ডলের মরদেহ তার শেষ কর্মস্থল এটিএন নিউজে নিয়ে যাওয়া হয়। এরপর তার মরদেহ প্রিয় কর্মক্ষেত্র বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সের হ্যান্ডবল স্টেডিয়ামে নেওয়া হয়। সেখানে তাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান দীর্ঘদিনের সহকর্মী ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ।
অঘোর মন্ডলের মৃত্যুতে পৃথক পৃথক শোক বার্তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বিএসজেএ, বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতিসহ আরও অনেক সংগঠন।
রাতে অঘোর মন্ডলকে পোস্তগোলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয়।
