এ সময়ের আলোচিত অভিনেত্রী রুনা খান সামাজিক মাধ্যমে জানালেন এক আশ্চর্য কথা। জানালেন নিজের চুল বঁটি দিয়ে কেটেছিলেন। ইডেন কলেজে পড়ার সময় এই কাণ্ড ঘটিয়েছিলেন বলে জানালেন। ফেসবুকে অনেক ছবি দিয়েছেন, সেখানে দেখালেন নিজের চুল কীভাবে তিনি কেটেছেন। হাতে কাটা চুল ধরে রয়েছেন।
রুনা খান বলেন, নাই কাজ তো খৈ ভাজ। নিজের চুল নিজের হাতে কাটার ব্যারাম আমার পুরনো। ইডেনে হলে থাকার সময় একবার কাঁচি ছিল না বলে বঁটি দিয়ে মাথার চুল কেটেছিলাম, বিয়ের পরও একবার ইডব্লিউর ওপর জিদ করে বঁটি দিয়ে চুল কেটে ফেলেছিলাম। সে কা- দেখে আমার হলের বন্ধুরা আর ইডব্লিউর বিস্ময়ের সীমা ছিল না। এটা কীভাবে সম্ভব। কোনো মানুষ নিজের চুল নিজে কীভাবে বঁটি দিয়ে কাটতে পারে...!! নিজের ইচ্ছায় বাঁচেন জানিয়ে বললেন, দুই সময়েই কিন্তু আমি অলরেডি অভিনয়কর্মী হিসেবে কাজ করি। অনেক নাটকের শুটিংও করেছি দুই সময়েই ‘বঁটি দিয়ে কাটা হেয়ার-স্টাইলে।’ এবার কাঁচি দিয়ে কাটছি। কলেজের বান্ধবী বলল, বয়স হচ্ছে তো, উন্নতি হচ্ছে। এই বঙ্গদেশে বেশিরভাগ নারী নিজের যখন যা ইচ্ছা করে তা করতে পারে না। আমিও পারি না। তবে এই যে... ‘আমার চুল আমি কাটব, যখন ইচ্ছা তখন কাটব, বঁটি দিয়ে ইচ্ছা করলে বঁটি দিয়া কাটব, কাঁচি দিয়ে ইচ্ছা করলে কাঁচি দিয়া কাটব...’ শেষে যুক্ত করলেন, এই ইচ্ছাপূরণই আমার বাঁচিবার আনন্দ। আমি জানি আমি অদ্ভুতুড়ে। ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। বয়সের সঙ্গে সঙ্গে সমানতালে ধরে রেখেছেন নিজের রূপ, লাবণ্য। দিন যতই যাচ্ছে অভিনেত্রীর বয়সও যেন কমছে। ৪১ বছর বয়সে এসেও রূপের দ্যুতি ছড়াচ্ছেন তিনি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীর একের পর এক খোলামেলা ছবি তাক লাগাচ্ছে ভক্তদেরও।
