নেত্রকোণার কেন্দুয়ায় আগুনে ১২টি বসতবাড়ি ও দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বেখুররহাটি বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন— নয়ন মহাজন, হাজী খোরশেদ, রূপক কুমার অধিকারী, সিদ্দিক মিয়া, মুস্তফা, নজরুল ইসলাম, আব্দুল খালেক, নজরুল মিয়া, তৌহিদ মিয়া, রতন বাবু, লুৎফুর রহমান, রেজমিন।
স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কেন্দুয়া উপজেলার অন্যতম বড় বাজারগুলোর মধ্যে অন্যতম বেখুরহাটি বাজার। শনিবার ভোররাতে বাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে কেন্দুয়া ফায়ার সার্ভিস, নেত্রকোণা সদর ও মদন ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এর ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি।
বাজারে ষ্টেশনারী দোকান মালিক রূপক কুমার অধিকারী বলেন, অগ্নিকাণ্ড একটি বাড়িসহ ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রাতের আগুনের ঘটনা ঘটায় অনেক বেশি ক্ষতি হয়েছে। আমরা একবারে নিঃস্ব হয়ে গেছি।
কেন্দুয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: এমদাদদ জানান, বেখুরহাটি বাজারে অগ্নিকাণ্ডে একটি বসতঘরসহ ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। চারটি ইউনিটের দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে হোটেল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।
