মায়ায় জড়াবেন সারিকা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৬ এএম

এসময় তুমুল ব্যস্ত অভিনেত্রী সারিকা সাবরিন এখন অনেকটাই অনিয়মিত। কয়েক দফা বিরতি কাটিয়ে ফেরেন কাজে। এখন আগের মতো অভিনয়ে নিয়মিত না হলেও উপস্থাপনায় বেশ সরব। আগামীকাল ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাচ্ছে তার নতুন ওয়েব ফিল্ম ‘মায়া’। সিনেমা ও অন্যান্য বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন ইমরুল নূর

সাদামাটা উপস্থাপন

এখন আর নিজেকে গড়পড়তা কাজে জড়াতে চান না বলেই অভিনয়ে কম দেখা যায় তাকে। পরিচালক রায়হান রাফী যখন ‘মায়া’র প্রস্তাব দেন তখন গল্প আর চরিত্র পছন্দ হওয়াতেই কাজটি করতে সায় দেন সারিকা। বললেন, এটা যে একদমই নতুন কোনো গল্প, এরকম না। এই মুহূর্তে এই বাংলাদেশেরই একটা গল্প। এখানে আমার চরিত্রের নামও মায়া। রাফী দেশের একজন মেধাবী নির্মাতা, তার গল্প বলার ধরনই আলাদা। কিন্তু এখানে তার গল্প বলার ধরন একদমই সাধারণ। তিনি স্বভাবত যেভাবে মসলাদারভাবে গল্প বলেন, এখানে এরকম কিছু নেই। একদম সাদামাটাভাবেই গল্পটাকে বলতে চেয়েছে।

চ্যালেঞ্জ

শিল্পীদের জন্য তার প্রতিটি কাজই চ্যালেঞ্জিং জানিয়ে অভিনেত্রী বলেন, নিজেকে ভেঙে একটা চরিত্র হয়ে উঠাটাই কিন্তু চ্যালেঞ্জ, যেন দর্শক সেটা অনুভব করতে পারে। এখানে শুধু আমার চরিত্র না, আরও

যারা অভিনয় করেছেন তাদের সবার চরিত্রেরই গুরুত্ব আছে এবং তাদের জন্যও সেগুলো চ্যালেঞ্জিং। শিল্পী হিসেবে আমরা তো চাই আমাদের কাজ দর্শক পছন্দ করুক। এটাই প্রত্যাশা করি। আমি চাই দর্শক মায়ায় জড়াক।

৬ বছর পর বন্ধুর সঙ্গে জুটি

অনেক বিজ্ঞাপন ও নাটকে চিত্রনায়ক ইমনের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন সারিকা। শিল্পীর বাইরেও তারা দুজনই বেশ ভালো বন্ধু। এই সিনেমাতে কাজ করতে গিয়ে ৬ বছর পরই ইমনের সঙ্গে দেখা হয়েছে বলে জানান অভিনেত্রী। বললেন, কাজটি নিয়ে কথা বলার পর যখন সহশিল্পী হিসেবে ইমনের কথা শুনলাম অবাকই হলাম। মাঝে আমাদের অনেকদিন যোগাযোগ ছিল না। এই কাজটি করতে গিয়ে অনেকদিন পর দেখা। এখানে ইমনকে নতুনভাবে দেখবে দর্শক। আমাদের অভিজ্ঞতাও ভালো ছিল।

সাদের পরিচালনায়

ইতিমধ্যে আরও একটি কাজ শেষ করেছেন সারিকা। তবে সেটি সম্পর্কে এখনই কিছু বলা বারণ। এই কজাটিতে ‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালনায় অভিনয় করেছেন তিনি। বললেন, এই কাজটি নিয়ে আমি কিছুই বলতে পারব না, সাদ-ই বলবেন। এটার আগে সাদের সঙ্গে আরেকটি কাজ হওয়ার কথা ছিল আমার কিন্তু সে সময়ে সেটি করতে পারিনি বলে আফসোস হচ্ছিল পরে যখন এই কাজটির প্রস্তাব এলো, তখন সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যাই।

বড় পর্দায় আগ্রহ

একটা সময় অনেক অনেক সিনেমার প্রস্তাব পেলেও তখন আগ্রহ কাজ করেনি, সরাসরি না করে দিয়েছি। কিন্তু এখন ভালো আয়োজনে, বড় পরিসরে কাজ হচ্ছে। বরাবরই যেটা বলি, ভালো গল্প, স্ক্রিপ্ট ও সুযোগ পেলে এখন অবশ্যই সিনেমা করতে চাই। এর মধ্যে যে সিনেমার প্রস্তাব আসেনি, তা বলব না। কয়েকটা সিনেমার প্রস্তাব এসেছে কিন্তু আমার কাছে গল্প ভালো লাগেনি। করলে ভালো কিছুই করব। না  হয় করব না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত