অনেক দিন ধরেই পর্দায় অনুপস্থিত জান্নাতুন নূর মুন। নিজের মনের মতো কাজ নাহলে গড়পড়তা কাজে নিজেকে কখনোই ব্যস্ত রাখতে পছন্দ করেন না তিনি। যার কারণে ক্যারিয়ারের তুলনায় তার কাজের সংখ্যা খুবই কম।
অনেকদিন পর নতুন কাজ নিয়ে হাজির হলেন এই অভিনেত্রী। দুই বছর আগে শেষ করা ওয়েব ফিল্ম ‘পাশা’ সম্প্রতি মুক্তি পেয়েছে অ্যামাজন প্রাইমে। মানুষের সাইকোলজিক্যাল ডিজঅর্ডারের কাহিনি নিয়ে নির্মিত এই সিনেমায় মুনকে দেখা যাবে একজন পতিতার (ফুল) চরিত্রে, যে চরিত্রে তিনি এবারই প্রথম অভিনয় করেছেন।
মুন বলেন, ‘আমি তো জুতসই গল্প বা চরিত্র পাই না কাজ করার মতো বা আসেও না আমার কাছে। আর গড়পড়তা কাজ আমার কখনোই ভালো লাগে না। যার জন্য আমার কাজের সংখ্যাও খুব কম। গল্প এবং আমার চরিত্রটা পছন্দ হওয়ায় কাজটির সঙ্গে যুক্ত হই। এখানে যে চরিত্রটি করছি, এ রকম চরিত্রে আগে কাজ করা হয়নি আমার। সেদিক থেকে এটা আমার জন্য অনেকটাই চ্যালেঞ্জিং ছিল। এই কাজটা দেখার পর আমার বিশ্বাস, সবার কাছেই মনে হবে যে, আমাকে দিয়ে যেকোনো চরিত্র করানো সম্ভব। কারণ এখানে আমি নিজেকে অনেক ভেঙেছি। চেষ্টা করেছি চরিত্রটিকে সঠিকভাবে ফুটিয়ে তোলার। আশা করি, কাজটি সবার কাছে ভালো লাগবে।’
আন্তর্জাতিক প্লাটফর্ম মুক্তি পাওয়ায় বেশ উচ্ছ্বসিত এ অভিনেত্রী বলেন, ‘অ্যামাজন প্রাইমের মতো আন্তর্জাতিক প্লাটফর্মে আমার কনটেন্ট মুক্তি পেয়েছে, এটা আমার জন্য অবশ্যই অনেক আনন্দের। প্রত্যেক শিল্পীরই চাওয়া থাকে তার কাজগুলো দেশ এবং দেশের বাইরেও পৌঁছে যাক।’
এরমধ্যে তিনি একটি সিনেমার কাজও শেষ করেছেন। শরাফ আহমেদ জীবন পরিচালিত ‘চক্কর’ সিনেমায় অভিনয় করেছেন। সেটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এছাড়াও তার হাতে বেশ কয়েকটি ওটিটির কাজ রয়েছে বলেও জানান মুন। পীর তানিম আহমেদ পরিচালিত ‘পাশা’-তে মুন ছাড়া আরও অভিনয় করেছেন রাজু ভৌমিক, মৌমিতা, ইকবাল আহমেদ, শরাফ আহমেদ জীবন, ডন, হিমেল প্রমুখ।
উল্লেখ্য, ২০১৭ সালে প্রথম সিনেমায় নাম লেখান মুন। বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ সিনেমা দিয়েই বড় পর্দায় তার অভিষেক ঘটে। এরপর ‘কালের পুতুল’ ও ‘চন্দ্রাবতীর কথা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। সর্বশেষ তাকে দেখা গেছে ‘জীন’ সিনেমায়।
