শরীয়তপুরের ডামুড্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাছ ব্যবসায়ী রাসেল সরদার নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত শুক্রবার রাত ৩টার দিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (ঢাকা পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভাঙ্গাব্রিজ এলাকায় একটি স্যালুনে এ হামলার ঘটনা ঘটে।
নিহত রাসেল সরদার (৩৫) উপজেলার ইসলামপুর ইউনিয়নের এরিকাঠি গ্রামের ইচাহাক সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ দুলাল মাদবরের সঙ্গে একই এলাকার রাসেল সরদারের সঙ্গে রাজনৈতিকসহ বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। তারই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে রাসেল সরদার ইসলামপুর ভাঙ্গাব্রিজ এলাকায় স্যালুনে গেলে দুলাল মাদবরের লোকজন তার ওপর হামলা চালায়। এ সময় রাসেলকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়। স্থানীয়রা উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান।
নিহত রাসেল সরদারের বড় ভাই ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্য ওয়াসিম সরদার বলেন, ‘পূর্ব পরিকল্পনা করে সাবেক ইউপি চেয়ারম্যান দুলাল মাদবরের নেতৃত্বে তার ভাতিজা সাইফুল মাদবর, বাচ্চু ফকির, মনির ফকির, পারভেজ ফকির, আবু ঢালী, লিটন মাদবরসহ ১০-১২ জন আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে।’
এ ব্যাপারে দুলাল মাদবরের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যায়নি।
শরীয়তপুরের এসপি নজরুল ইসলাম বলেন, পূর্বের দ্বন্দ্ব থেকে এই হত্যাকা-ের ঘটনা ঘটেছে। এদিকে টাঙ্গাইলের কালিহাতীতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে কালিহাতী উপজেলার বল্লা পোষ্ট অফিস পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক ইয়াছিন (২৪) উপজেলার বল্লা সিংগাইর এলাকার দিন ইলাহির ছেলে।
