ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ ৭ মৃত্যু

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৮ এএম

দেশে ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত) মারা গেছে সাতজন। এর আগে সমসংখ্যক রোগীর মৃত্যু হয়েছিল গতবছরের ১২ ডিসেম্বর। এ নিয়ে এ বছর মৃত্যুর সংখ্যা দেড়শতে পৌঁছাল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন মারা যাওয়া সাতজনের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী। মৃতদের মধ্যে দুজন করে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে এবং একজন করে ঢাকা বিভাগে ও ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ভর্তি ছিলেন।

গত ২৪ ঘণ্টায় এ বছর ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছুঁয়েছে। এর মধ্যে ৬৭ জন মারা গেছে এ মাসের গত ২৮ দিনে। এই সংখ্যা মোট মৃত্যুর ৪৫ শতাংশ ও বছরের সর্বোচ্চ। গত মাসে মৃত্যু ছিল দ্বিতীয় সর্বোচ্চ ২৭ জনের।

ডেঙ্গুতে মোট মৃত্যুর ৫২ শতাংশ বা ৭৮ জন নারী ও ৪৮ শতাংশ বা ৭২ জন পুরুষ।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৮৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৫২৮ জন বা ৬১ শতাংশ পুরুষ ও ৩৩২ জন বা ৩৯ শতাংশ নারী। রোগীদের মধ্যে সর্বোচ্চ ১৯৫ জন ঢাকা উত্তর সিটিতে ও সর্বনিম্ন দুজন রাজশাহী বিভাগে ভর্তি হয়েছে। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটিতে ১৮১ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৪ জন, ঢাকা বিভাগে ১০৯ জন, বরিশাল বিভাগে ১০১ জন, খুলনা বিভাগে ৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩২ জন, রংপুর বিভাগে ১৭ জন ও সিলেট বিভাগে ছয়জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

এ নিয়ে এ বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৫৬৫ জনে। তাদের মধ্যে এ মাসেই ভর্তি হয়েছে ১৫ হাজার ৭২৪ জন, যা মোট রোগীর ৫৫ শতাংশ। এ সংখ্যা বছরের সর্বোচ্চ। গত মাসে রোগী ছিল দ্বিতীয় সর্বোচ্চ ৬ হাজার ৫২১ জন। মোট রোগীর মধ্যে ৬৩ শতাংশ পুরুষ ও ৩৭ শতাংশ নারী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত