সাবেক এমপি সুজনকে জেল হাজতে প্রেরণ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৮ পিএম

ভুমি দখল ও হত্যা মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঠাকুরগাঁও চীফ জুডিশিয়াল আলদালতে তাকে হাজির করা হলে আদালতের বিচারক রহিমা খাতুন ও নিত্যানন্দ রায় এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদী পক্ষের আইনজীবী এ্যাড. জয়নাল আবেদিন।

মামলার অভিযোগে জানা যায়, গত ১০ আগস্ট মামলার বাদী হাবিবুল ইসলাম বাবলু জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী এলাকায় কিনা জমিতে গেলে সাবেক এমপির লোকজন ১০ কোটি টাকা চাঁদা দাবি করে, প্রাণনাশের হুমকি দেয় এবং বাদীকে মারধর করে। এঘটনায় গত ৩ সেপ্টেম্বর হাবিবুল ইসলাম বাবলু বাদী হয়ে সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম, তার ছেলে সাবেক সংসদ সদস্য মাজাহারুল ইসলাম সুজনসহ ২৮জনকে আসামি করে মামলা দায়ের করেন। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত আগামী ১০ অক্টোবর শুনানির দিন ধার্য্য করেন।

মামলার বাদী হাবিবুল ইসলাম বাবলু বলেন, আদালতে মামলা করেছি। ন্যায় বিচার পাব বলে আশা রাখি।

অপরদিকে গত ৫ আগস্ট আবু রায়হানসহ ৪ জনকে ঠাকুরগাঁও পৌরসভার সাবেক কাউন্সিল একরামুদৌল্লার ছিট চিলারং এলাকার বাড়িতে ঘরের মধ্যে আটকিয়ে রেখে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে রায়হানের বাবা ফজলে আলম মামলা দায়ের করেন। মামলায় সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন ও ঠাকুরগাঁও ১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনসহ ৯১জনকে আসামি করা হয়।

আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে আদালত নামঞ্জুর করেন। দুটি মামলায় সাবেক এমপি সুজনকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার বাদী পক্ষের আইনজীবী এড. জয়নাল আবেদিন বলেন, মামলা দুটিতে জামিনের আবেদন নামঞ্জুর এবং আবেদনটি মামলা হিসেবে রুজু করে আসামিকে গ্রেপ্তার দেখানো হয়।

গত ১১ সেপ্টেম্বর রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে মাজাহারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করে র‌্যাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত