হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুজনের মৃত্যু

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৫ পিএম

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার দেখার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তারা মারা যান।

নিহতরা হলেন— জালাল উদ্দিন (৩৫) ও জসিম উদ্দিন (৩৬)। তারা দুইজনই উপজেলার পান্ডার গাঁও ইউনিয়নের পলিচর গ্রামের বাসিন্দা।

জানা যায়, প্রতিদিনের মতো রবিবার সকালেও দেখার হাওরে মাছ ধরতে যান জালাল উদ্দিন ও জসিম উদ্দিন। কিন্তু মাছ ধরার সময় হাওরে প্রচণ্ড বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হলে তারা দুইজনই নিরাপদ স্থানে যাওয়ার জন্য রওনা দেন। যাওয়ার পথে বজ্রপাতের আঘাতে আহত হন তারা। পরে হাওরে থাকা অন্য মৎস্যজীবীরা তাদের উদ্ধার করে পান্ডারগাঁও পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে দুজনকে মৃত ঘোষণা করা হয়।

বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক দেশ রূপান্তরকে জানান, দোয়ারাবাজারের দেখার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষ মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত