এ বছরে প্রথম ডেঙ্গু রোগী হাজারের ঘর ছাড়াল। গত ২৪ ঘণ্টায় (গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত) দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২২১ রোগী ভর্তি হয়েছে। এর আগে এক দিনে সর্বোচ্চ ৯২৬ রোগী ভর্তির রেকর্ড ছিল গত ২২ সেপ্টেম্বর। এর আগে ও পরে এতদিন রোগী আটশর ঘরে ছিল। গতকালই তা হাজার ছাড়াল।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুরও রেকর্ড হয়েছে। এ সময় মারা গেছে আটজন। এর আগে এর চেয়ে বেশি মারা যায় গত বছর ১০ ডিসেম্বরে নয়জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ ডেঙ্গুর এ তথ্য জানায়।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন রোগীদের মধ্যে ৭৭৩ জন বা ৬৩ শতাংশ পুরুষ ও ৪৪৭ জন বা ৩৭ শতাংশ নারী।
সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে রাজধানীসহ ঢাকা বিভাগে ৭০১ জন, যা দিনে মোট ভর্তি রোগীর ৫৭ শতাংশ। এর মধ্যে রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছে ২২৮ জন ও উত্তর সিটিতে ২০৬ জন এবং বাকি ২৬৭ জন ঢাকার অন্যান্য জেলায়। এরপর চট্টগ্রাম বিভাগে ১৮৩, খুলনা বিভাগে ১৩৪, বরিশাল বিভাগে ৭৪, রাজশাহী বিভাগে ৫৩, ময়মনসিংহ বিভাগে ৪৮ ও রংপুর বিভাগে ২৮ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
এ নিয়ে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৭৮৬ জন। এর মধ্যে এই মাসেই ভর্তি হয়েছে ১৬ হাজার ৯৪৫ জন, যা বছরের মোট রোগীর অর্ধেকেরও বেশি, অর্থাৎ ৫৭ শতাংশ।
ডেঙ্গুতে নতুন যে আটজন মারা গেছে, তাদের মধ্যে পাঁচজন পুরুষ ও তিনজন নারী। তাদের মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে ঢাক দক্ষিণ সিটিতে পাঁচজন। এরপর বরিশাল ও খুলনা বিভাগ এবং ঢাকা উত্তর সিটিতে একজন করে মারা গেছে।
এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেল ১৫৮ জন। তাদের মধ্যে এ মাসেই মৃত্যু হয়েছে ৭৫ জনের, যা মোট মৃত্যুর ৪৭ শতাংশ।
