বিসিএস ক্যাডার পুলিশ কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কমিটি গঠন নিয়ে ব্যাপক হট্টগোল হয়েছে। গতকাল রবিবার পুলিশ সদর দপ্তরের মূল ভবনের চতুর্থ তলায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা হয়। সংগঠনের বর্তমান সভাপতি মনিরুল ইসলামকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর এবং সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জের সাবেক পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল আত্মগোপনে থাকায় নতুন কমিটি গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়।
জানা গেছে, সভায় ১২তম ব্যাচের পক্ষ থেকে ওই ব্যাচের কর্মকর্তা ও র্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমানের নাম প্রস্তাব করা হয়। কিন্তু ১৫তম ব্যাচের কর্মকর্তারা সেটা মানতে অপারগতা প্রকাশ করেন। তারা ১৫তম ব্যাচ থেকে সভাপতি নিয়োগের দাবি জানান। ওই ব্যাচে যারা আছেন তাদের মধ্যে ডিআইজি পদমর্যাদার ওপরে কেউ নেই। ডিআইজি পদমর্যাদার কেউ সভাপতি হলে ১৭তম ব্যাচের কর্মকর্তারা আপত্তি জানিয়ে তাদের ব্যাচ থেকে করার দাবি জানিয়ে হট্টগোল শুরু করেন। একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয়।
একইভাবে ২১তম, ২২তম, ২৪তম ব্যাচের কর্মকর্তারাও সাধারণ সম্পাদক পদে নিয়োগ নিয়ে হট্টগোল করেন। পরে কর্মকর্তারা পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে সাক্ষাৎ করেন। তিনিও কোনো সমাধান দিতে না পারায় সভা স্থগিত করা হয়। পরে আবার সভা ডাকা হবে বলে জানানো হয়েছে। আইজিপির কাছে কর্মকর্তাদের একটি অংশ সরাসরি নির্বাচনের মাধ্যমে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কমিটি গঠনের অনুরোধ জানায়। তবে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ৩০ বছরের ইতিহাসে সরাসরি নির্বাচনে কখনো কমিটি গঠন হয়নি।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পুলিশের বিসিএস ক্যাডার কর্মকর্তাদের বিভিন্ন দাবিদাওয়া আদায় ও পারস্পরিক মেলবন্ধনের প্ল্যাটফর্ম। এর সভাপতি ও সাধারণ সম্পাদককে খুবই গুরুত্বসহকারে দেখা হয়।
