সরকারি চাকরিতে আবেদন ও প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীদের ওপর কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা পৌনে দুটার দিকে রাজধানীর হেয়ার রোডে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এ ঘটনা ঘটে।
আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বৈঠক করছেন। এসব বিষয় নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গণসংযোগ শাখার উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
উপপুলিশ কমিশনার বলেন, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সভা-সমাবেশ করার বিষয়ে আগেই নিষেধাজ্ঞা ছিল। কিন্তু আন্দোলনকারীরা পুলিশের নিষেধ অমান্য করে প্রধান উপদেষ্টার বাসার সামনে যায়। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় পরিস্থিতি মোকাবিলায় আইন অনুযায়ী সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করা হয়। সন্ধ্যায়ও যমুনার সামনে সড়কে শতাধিক আন্দোলনকারী অবস্থান নিয়ে ছিল। তারা নিজেদের দাবির সপক্ষে মাইকে নানা স্লোগান দিচ্ছিলেন সে সময়। এতে রাজধানীর বেইলি রোড এলাকাসহ কাকরাইল-মৎস্য ভবন এলাকা থেকে উত্তরা অভিমুখী সড়কটিতে যান চলাচল প্রায় বন্ধ ছিল।
আন্দোলনকারীরা বলেন, তারা প্রথমে শাহবাগ মোড়ে সমবেত হয়েছিলেন। সেখান থেকে বেইলি রোড এলাকায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসেন। পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে তাদের কয়েকজন আহত হয়েছেন।
আন্দোলনকারীরা দুপুরের দিকে এক ঘণ্টার মধ্যে দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে ঘোষণা চেয়েছিলেন। তারা বলেছিলেন, হয় সরকারের পক্ষ থেকে কেউ তাদের কাছে আসুক অথবা তাদের প্রতিনিধি নিয়ে কথা বলুক। কোনো ঘোষণা না পেলে তারা এখানে কাফনের কাপড় পরে শুয়ে থাকবেন।
চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির দাবি পর্যালোচনায় কমিটি গঠন : সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবি পর্যালোচনায় একটি কমিটি গঠন করেছে সরকার। এই কমিটির প্রধান করা হয়েছে সাবেক সচিব আব্দুল মুয়ীদ চৌধুরীকে, যিনি জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান। কমিটির সদস্যসচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। এই কমিটি আগামী সাত দিনের মধ্যে পরামর্শ দেবে। গতকাল বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। তিনি বলেন, কমিটিতে যে কয়জন সদস্য নেওয়ার তা নেবেন, সেই এখতিয়ার কমিটির আহ্বায়ককে দেওয়া হয়েছে।
