দুই সচিব ওএসডি গুরুত্বপূর্ণ পদে রদবদল

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৭:২৫ এএম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. মশিউর রহমান ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম সেখকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পাশাপাশি আরও ছয়জন অতিরিক্ত সচিবকে ওএসডি করেছে অন্তর্বর্তী সরকার।

অন্যদিকে, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেনকে বদলি করা হয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে। এ ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. এ কে এম মতিউর রহমানকে পদোন্নতি দিয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

গতকাল সোমবার এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব তার দায়িত্বের অতিরিক্ত হিসেবে সুরক্ষা সেবা বিভাগের সচিবের দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

ওএসডি হওয়া ছয় অতিরিক্ত সচিব হলেন বাংলাদেশ সড়ক পরিবহন অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) গৌতম চন্দ্র পাল, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. জিল্লুর রহমান চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম শামীম আক্তার, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মাহবুবের রহমান।

এদিকে, বাংলাদেশ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষে নতুন মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) মো. আবদুর রহিম খানকে নিয়োগ দেওয়া হয়েছে।

আর নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিককে গ্রেড-১ কর্মকর্তা হিসেবে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান করা হয়েছে। এ ছাড়া মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মো. ইয়াসীন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত