বাংলাদেশ অর্থনীতি সমিতির নির্বাহী কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। নটরডেম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আজিজুর রহমানকে সভাপতি করে বাংলাদেশ অর্থনীতি সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক অতিরিক্ত সচিব সৈয়দ মাহবুব ই জামিল।
গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) ড. মো. আজিজুর রহমান ও সৈয়দ মাহবুব ই জামিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষিত অ্যাডহক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার বৈষম্যবিরোধী বাংলাদেশ অর্থনীতি সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় গত মে মাসে একতরফা ও বিতর্কিত নির্বাচনের মাধ্যমে গঠিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে ২৯ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি ২০২৪ গঠন করা হয়।
উল্লেখ্য, গত মে মাসে অনুষ্ঠিত বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ড. কাজী খলীকুজ্জমান আহমদ সভাপতি ও অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাডহক কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন সাবেক সচিব ড. কামাল উদ্দিন আহমেদ ও মো. আব্দুল মতিন চৌধুরী, আনসার-ভিডিপি ব্যাংকের সাবেক এমডি ড. নুরুল আলম তালুকদার, সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল এস. এম. মোক্তার কবির খান এবং এলায়েন্স বিল্ডিং লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ আলী জওহার রিজভী।
এতে আরও বলা হয়, বাংলাদেশ অর্থনীতি সমিতির নির্বাহী কমিটি সমিতির নাম ভাঙিয়ে সরকারের বিভিন্ন পদে অধিষ্ঠিত হয়ে ব্যাংক খাতকে ধ্বংস করেছে। বিদেশে কোটি কোটি টাকা পাচার করে দেশকে দেউলিয়া করেছে। সর্বশেষ গত ৩ আগস্ট শেখ হাসিনার সঙ্গে দেখা করে জুলাই-আগস্ট গণহত্যার সঙ্গে একাত্মতা প্রকাশ এবং গণহত্যায় মদদ দিয়ে অর্থনীতি সমিতির সদস্যদের চরম অপমাণিত করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমিতির সদস্যদের মাঝে এ নিয়ে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ছাড়া তারা সমিতির নির্বাচনের নামে প্রহসন ও কারচুপি করে ১৮ বছর ধরে একটি সিন্ডিকেট তৈরি করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। সমিতিতে অনেক আর্থিক দুর্নীতি ও অনিয়মের সুস্পষ্ট প্রমাণ রয়েছে। এ পরিপ্রেক্ষিতে সমিতির নির্বাহী কমিটি ভেঙে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
