পূজার আগে কলকাতা শহরে একের পর এক মেয়ের খুনের ঘটনা ঘটতে থাকে। আর সেই খুনের তদন্তে নামে পুলিশ বাহিনী। ‘চালচিত্র’ নামের এই সিনেমায় প্রতিম ডি গুপ্ত যেন বাংলার কপ ইউনিভার্স তৈরি করতে চেয়েছেন। যেখানে পুলিশের চরিত্রগুলোতে তিনি ঢালিউড, টলিউডের পাশাপাশি বলিউডকেও মিলিয়ে দিয়েছেন!
এই সিনেমাটির মধ্য দিয়ে প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে জিয়াউল ফারুক অপূর্বর। এখানে তাকে দেখা যাবে এক রহস্যময় চরিত্রে। এছাড়াও চারজন পুলিশের চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুকে।
জানা গেছে, আসছে বড়দিনে মুক্তি পাবে সিনেমাটি। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ ডিসেম্বর ‘চালচিত্র’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
পরিচালক জানিয়েছেন, শহরে পর পর খুন হতে থাকে। আর খুনের পর মরদেহগুলোকে যেভাবে সাজিয়ে রাখা হয় সেটার সঙ্গে ১২ বছর পুরনো একটি কেসের মিল পায় টোটার চরিত্র। সত্যিই কি সেই কেসের সঙ্গে এই কেসের মিল আছে, নাকি তদন্তে নতুন কিছু উঠে আসবে সেটা নিয়েই এই ছবি।
এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন রাইমা সেন, স্বস্তিকা দত্ত, ব্রাত্য বসুকে। রাইমাকে দেখা যাবে টোটার স্ত্রীর চরিত্রে। স্বস্তিকা হবেন শান্তনুর প্রেমিকা।
