বাংলাদেশ ব্যাংকের সার্ভারে কারিগরি ত্রুটির কারণে আন্তঃব্যাংক লেনদেন বিঘিœত হয়েছে। ফলে গত সোমবার নিষ্পত্তির অপেক্ষায় থাকা ক্লিয়ারিং চেকের সেটেলমেন্ট করা যায়নি। তবে গতকাল মঙ্গলবার রাতে এ সমস্যার সমাধান করা হয়।
গতকাল বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল দুপুরের দিকে এক খুদে বার্তায় তিনি জানান, সোমবার বাংলাদেশ ব্যাংকের সার্ভারের কারিগরি ত্রুটির কারণে চেক ক্লিয়ারিংয়ের সমস্যা হয়। তাই সোমবার যে চেকগুলো এসেছে, তার নিষ্পত্তি করা সম্ভব হয়নি। সার্ভারের সমস্যা সমাধানে কেন্দ্রীয় ব্যাংকের কারিগরি টিম কাজ করছে। শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে। রাতে আরেক খুদে বার্তায় মুখপাত্র জানান, সব ধরনের পেমেন্ট প্ল্যাটফর্ম এখন ভালোভাবে কাজ করছে। বাংলাদেশ ব্যাংকের আইটি টিম এটিকে কার্যকর করতে সক্ষম।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, সোমবার রাত ৯টায় সার্ভারে ত্রুটি ধরা পড়ে। রাতেই সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু রাত ২টা পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় সোমবারের নিষ্পত্তি হওয়া সব চেকের সেটেলমেন্ট বাতিল করা হয়।
বাংলাদেশ ব্যাংকে স্থাপিত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস), স্বয়ংক্রিয় চেক নিকাশ ঘর (বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ বিএসিএইচ বা ব্যাচ) এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এই তিন প্ল্যাটফর্মের কার্যক্রম চলে। এসব সেবার মাধ্যমে এক শাখা থেকে অন্য শাখায় বা অন্য ব্যাংকের গ্রাহককে অর্থ পরিশোধ ও স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি করা হয়। বিএসিএইচের মাধ্যমে হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি) এবং রেগুলার ভ্যালু চেক (৫ লাখ টাকার কম) নিকাশ ব্যবস্থা নিষ্পত্তি করা হয়।
