শ্যামলকে তুলে নেওয়ার ঘটনায় ফখরুলের উদ্বেগ

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০২:৫৮ এএম

‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি ও বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের ভাই সাইফুল ইসলাম শ্যামলকে তুলে নেওয়ার ঘটনায়  উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার দলটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘প্রশাসনে এখনো আওয়ামী লীগের দোসর’রা বহাল তবিয়তে কাজ করছে বলেই দেশে নতুন করে শুরু হয়েছে ষড়যন্ত্র ও অনৈতিক কর্মকা-। এসব আওয়ামী দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে এর দায় পড়বে অন্তর্র্বর্তী সরকারের ওপর।’

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘প্রায় এক যুগ আগে গুম হয়েছেন বিএনপি নেতা সাজেদুল হক সুমন। গুম হওয়ার পর সাজেদুল হক সুমনের পরিবার মানসিকভাবে বিপদগ্রস্ত ও আতঙ্কগ্রস্ত। ছেলে সুমনের জন্য তার মা কাঁদতে কাঁদতে প্রায় অন্ধ হয়ে  গেছেন। গুম হওয়ার এত বছর পর আবারও গত ৩০ সেপ্টেম্বর সেনাবাহিনীর পরিচয়ে তাদের বাড়িতে অভিযান চালিয়ে সুমনের ভাই সাইফুল ইসলাম শ্যামলকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় পরিবারটি আতঙ্কিত হয়ে পড়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘শ্যামলকে তুলে নিতে অভিযান পরিচালনার সময় অভিযান পরিচালনাকারীরা ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিসহ পরিবারের সদস্যদের সঙ্গে গালিগালাজ ও চরম অশালীন আচরণ করে। তারা বাসার ছোট্ট শিশুর সঙ্গেও অমানুষের মতো আচরণ করে। বর্তমানে দেশ পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্দয় শাসন-শোষণ থেকে মুক্তি পেলেও শ্যামলকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় দেশবাসী শঙ্কিত হয়ে পড়েছে। এই পরিবারটিকে হয়রানি করা বিপদগ্রস্ত একটি পরিবারের সঙ্গে রসিকতা।’

মির্জা ফখরুল বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার সঙ্গে জড়িত কুচক্রী মহলের অপতৎপরতা বন্ধ করতে অন্তর্বর্তী সরকার জোরালো ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ় আশাবাদী। গুমের শিকার পরিবারগুলোর গড়ে তোলা সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির পরিবারের সঙ্গে ধৃষ্টতাপূর্ণ আচরণের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা, প্রতিবাদসহ এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে জন্য জোরালো আহ্বান জানাচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত