দিরাইয়ে খাস জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৫:২০ পিএম

সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের মাতারগাঁও গ্রামে খাস জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নইমুল ইসলাম (৪৫) নামের একজন নিহত হয়েছেন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ অক্টোবর) জুমার নামাজের পর এই সংঘর্ষে ঘটনা ঘটে ।

নইমুল ইসলাম প্রতিপক্ষের বন্দুকের গুলিতে মারা গেছেন বলে দাবি নিহতের স্বজনদের।

মৃত্যুর বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক। ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। দুষ্কৃতকারীদের ধরতে অভিযান পরিচালনা চলছে।

জানা যায়, এলাকার অনাবাদি খাস জমি নিয়ে মাতারগাঁও গ্রামের মকবুল লন্ডনি ও দারা মিয়ার লোকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এর আগে উভয়পক্ষের মধ্যে মারামারি ঘটনাও ঘটেছে। এর জের ধরে আজ জুম্মার নামাজের পর খাস জমির দখল নেওয়ার চেষ্টায় উভয় পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন রকমের অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েন। এ সময় দারা মিয়া পক্ষের নইমুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন।

জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন রশীদ জানান, খাস জমি নিয়ে দারা মিয়া ও মকবলু লন্ডনির লোকদের মধ্যে অনেক দিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে অনেকবার সালিস হয়েছে। শুক্রবার নতুন করে বিরোধ হয়েছে। জানতে পেরেছি গোলাগুলিতে একজন মারা গেছেন। খবর শুনেই ঘটনাস্থলে যাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত