ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে প্রাণ গেল দুই শিশুর

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০১:০৫ এএম

ফেনীর দাগনভূঞায় খেলতে গিয়ে মাঠে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল দুই শিশুর। গতকাল শুক্রবার সকালে উপজেলার জায়লস্কর ইউনিয়নের পশ্চিম ধর্মপুরে গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলো পশ্চিম ধর্মপুর গ্রামের আমিন উল্লাহ মৌলভিবাড়ির আলাউদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম নিলয় (৫) এবং একই বাড়ির ছালাহ উদ্দিনের মেয়ে নাজিফা আক্তার (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে খেলতে গিয়ে মাঠে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয় শিশু দুটি। পরে স্থানীয়রা উদ্ধার করে দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

জানতে চাইলে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার ফজলুর রহমান বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কারও গাফিলতির প্রমাণ পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’ দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ‘এ ঘটনায় শিশুর পরিবার অভিযোগ না করলে অপমৃত্যুর মামলা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত