প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পররাষ্ট্র সচিব

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৭:১৩ এএম

মাস খানেক আগে পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. জসিম উদ্দিন। প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী ৭ অক্টোবর থেকে এক সপ্তাহের জন্য ওয়াশিংটন ও নিউ ইয়র্ক সফর করবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউজ, যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক দপ্তর ইউএসটিআরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে পররাষ্ট্র সচিবের। এ ছাড়া জাতিসংঘে বিভিন্ন কমিটির বৈঠক এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গেও তিনি বৈঠক করবেন।

সফর সম্পর্কে পররাষ্ট্র সচিব বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দুই দেশই এই সম্পর্ক এগিয়ে নিতে চায় এবং এ বিষয়ে বিভিন্নজনের সঙ্গে আমার আলোচনা হবে। ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, রোহিঙ্গা, প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ দমন, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশ একসঙ্গে কাজ করছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।’

তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের জাতিসংঘ সাধারণ অধিবেশনের সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এর ধারাবাহিকতা আমরা ধরে রাখব।’

পররাষ্ট্র সচিব বলেন, ‘এরই মধ্যে প্রধান উপদেষ্টা বিভিন্ন ধরনের সংস্কার প্রস্তাব দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র এ বিষয়ে সহযোগিতা করতে চায়। এ বিষয়ে ওয়াশিংটনের কোনো পরামর্শ থাকলে সেটি আমরা শুনব।’

জাতিসংঘে বিভিন্ন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে আলোচনা এবং একাধিক কমিটির বৈঠকে অংশ নেবেন বলে জানান পররাষ্ট্র সচিব। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তন, জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক অফিস, অর্থনৈতিক ও সামাজিকবিষয়ক অফিসসহ বিভিন্ন ক্ষেত্র বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জসিম উদ্দিন বলেন, ‘আমরা বহুপক্ষীয় ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। জাতিসংঘের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে। বিভিন্ন সহযোগিতা নিয়ে সেখানকার কর্মকর্তাদের সঙ্গে আমার বৈঠক হবে।’

ওয়াশিংটন ও নিউ ইয়র্কে সব আনুষ্ঠানিকতা শেষে ১৪ অক্টোবর দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে পররাষ্ট্র সচিবের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত