অভিনয়ে ৩৩, সংসারে ৩০
নাঈম-শাবনাজের সংসার তিন দশকে পড়ল। দীর্ঘ এই তিন দশক নানা কারণেই তাদের জন্য ঘটনাবহুল। তরুণ বয়সে বিয়ে। চারপাশের নানা কথা। শুনতে হয়েছে বিয়ে টিকবে না, বিচ্ছেদ হবেÑ এমন কথা। আলোচনা-সমালোচনা সবকিছুকে পাশ কাটিয়ে তাদের বলা যায় সফল এক দম্পতির উদাহরণ। ‘বিষের বাঁশি’ সিনেমায় কাজ করার সময় প্রেমের সম্পর্কে জড়ান নাঈম-শাবনাজ। ১৯৯১ সালের ৪ অক্টোবর মুক্তি পেয়েছিল তাদের প্রথম সিনেমা ‘চাঁদনী’। এরপর ১৯৯৪ সালে হঠাৎ বিয়ে করে ফেলেন। সেই হিসাবে সিনেমায় ৩৩ বছরে আর ৩০ বছরে পৌঁছে গেছে তাদের সংসার।
ক্যামেরাম্যানদের নতুন কমিটি
পুরনো কমিটি ভেঙে গড়া হয়েছে নাটক-সিনেমা-বিজ্ঞাপন-তথ্যচিত্র তৈরির সিনেমাটোগ্রাফারদের সংগঠন ‘ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’। গতকাল শনিবার সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক সাহিল রনি এমনটাই জানান। যাতে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় টি ডব্লিউ সৈনিককে।
এর আগে শুক্রবারের এক সভায় সব সদস্যের উপস্থিতিতে ও সম্মতিক্রমে আগের কমিটি বিলুপ্ত করা হয়। পাশাপাশি সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী একটি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়, যার মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।
শখের গাড়ি নিলামে
বর্তমানে প্রাক্তন স্বামী ব্র্যাড পিটের সঙ্গে আইনি লড়াই নিয়ে আলোচনায় রয়েছেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এরই মধ্যে নতুন খবরে শিরোনাম হলেন অভিনেত্রী। নিজের সংগ্রহে থাকা ভিনটেজ ১৯৫৮ ফেরারি গাড়িটি নিলামে তুলবেন জোলি। আগামী ২০ নভেম্বর প্যারিসে হবে এই নিলাম। জানা যায়, নিলামের জন্য ক্রিস্টি’স অকশন হাউজকে বেছে নিয়েছেন জোলি। এটিকে ‘এক্সেপশনাল সেল’ বলা হচ্ছেন নিলাম প্রতিষ্ঠানটির তরফ থেকে।
অনন্যার আজব কান্ড
এই মুহূর্তে অনন্যা পান্ডে তার আসন্ন সিনেমা ‘সিটিআরএল’র প্রচারে ব্যস্ত। সম্প্রতি এর প্রচারেই অনন্যাকে বলতে শোনা যায়, ‘খারাপ নজর যাতে না লাগে আমি সেজন্য প্রতি সপ্তাহে বিশেষ কিছু কার্যকলাপ করি। আমি বাড়িতে থাকা মিরচি (অর্থাৎ মরিচ) পোড়াই, এটা কী জানেন তো? এটা পোড়ালে যত বেশি গন্ধ বের হয়, বুঝতে হবে তত বেশি আপনার নজর লেগেছে। যদিও এর পেছনে আদৌ কোনো বিজ্ঞানসম্মত কারণ আছে কি না আমি জানি না।’
