বরিশালে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হলেও তার প্রেতাত্মারা দেশে রয়ে গেছে। তারা দেশে-বিদেশে ষড়যন্ত্র করছে এবং দুর্গাপূজাকে কেন্দ্র করে পুরনো ষড়যন্ত্রের চেষ্টা করছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
গতকাল শনিবার দুপুরে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে দলের নির্দেশ অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা ও মহানগর বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এমরান সালেহ প্রিন্স আরও বলেন, ‘আমরা সবাই বাংলাদেশি। কেউ হয়তো ধর্মের দিক দিয়ে একেক ধর্মের অনুসারী। আপনাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে।’
সভায় নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন প্রমুখ।
