দেশে বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগীর রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত) বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২২৫ জন রোগী ভর্তি হয়েছে। এর আগে এর চেয়ে বেশি রোগী ভর্তি হয়েছিল গত বছরের ২০ নভেম্বর ১ হাজার ২৯১ জন।
এ সময় ডেঙ্গুতে আরও চারজন মারা গেছে। তাদের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ও একজন করে খুলনা ও রাজশাহীতে ভর্তি ছিল। মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও তারা ২১-২৫ বছর, ৩১-৩৫ বছর ও ৬১-৬৫ বছর বয়সী এবং বাকি একজন নারী এবং তিনি ৩৬-৪০ বছর বয়সী।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ ডেঙ্গুর এ তথ্য জানিয়েছে।
নতুন ডেঙ্গু রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে ঢাকা বিভাগে ৭৩৪ জন, যা দৈনিক মোট রোগীর ৬০ শতাংশ। এর মধ্যে ঢাকা উত্তর সিটিতে ২৪৪ ও ঢাকা দক্ষিণে ২০৭ জন ভর্তি হয়েছে। বাকি ২৮৩ জন ভর্তি হয়েছে ঢাকা বিভাগের অন্য জেলায়। এরপর ১৬৯ চট্টগ্রাম বিভাগে, ১১১ খুলনা, ৮৭ বরিশাল, ৫৩ রংপুর, ৪৭ রাজশাহী, ১৯ ময়মনসিংহ ও সাতজন সিলেট বিভাগে ভর্তি হয়েছে।
এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৩৬ হাজার ৫৯০ জন। তাদের মধ্যে এ মাসের গত ছয় দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ৫ হাজার ৬৫২ জন। অর্থাৎ এ মাসে এখন পর্যন্ত দৈনিক গড় রোগী ৯৪২। গত মাসে গড় রোগীর সংখ্যা ছিল ৬০৩। সে হিসাবে এ মাসে রোগী বেশি।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ১৮৬ জন। তাদের মধ্যে এ মাসের গত ছয় দিনে ২৩ ও গত মাসে ৮০ জন মারা গেছে। মোট মৃত্যুর ৫০ দশমিক ৫ শতাংশ বা ৯৪ জন নারী ও ৪৯ দশমিক ৫ শতাংশ বা ৯২ জন পুরুষ।
এ বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী মারা গেছে রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় ১২৫ জন, যা মোট মৃত্যুর ৬৭ শতাংশ। এর মধ্যে ঢাকা দক্ষিণে ৯৯ ও উত্তরে ২৬ জন। এরপর চট্টগ্রামে ২১, বরিশালে ২০, খুলনায় ১১, ঢাকা বিভাগে ৬ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন, ময়মনসিংহ ও রাজশাহীতে একজন করে মারা গেছে।
