ফের কর্মবিরতিতে নার্সরা, আজ ৪ ঘণ্টা কাল ৫ ঘণ্টা

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৬:০৪ এএম

সরকার এক দফা দাবি মেনে না নেওয়ায় আবারও কর্মবিরতির ডাক দিয়েছেন নার্সরা। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেশের সব সরকারি হাসপাতালে এই কর্মবিরতি পালন করবেন নার্স ও মিডওয়াইফরা। গতকাল সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক সংবাদ সম্মেলনে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ এ ঘোষণা দেয়।

সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ড. মো. শরিফুল ইসলাম বলেন, ‘এর আগে কর্মবিরতি চলাকালীন স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে সংস্কার পরিষদের ৩ জন প্রতিনিধি আলোচনায় বসেন। সেখানে ফলপ্রসূ আলোচনা হয় এবং উপদেষ্টা আমাদের দাবির প্রতি সহমত প্রকাশ করেন। পূর্ণ আশ্বাস দেন এক দফা দাবি বাস্তবায়নের। যার ফলে পূর্বঘোষিত কর্মবিরতি সাময়িক স্থগিত করা হয়। কিন্তু গত ৬ অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ দুজন নার্সিং কর্মকর্তাকে পূর্ণদায়িত্বে পদায়নের পরিবর্তে অতিরিক্ত দায়িত্ব প্রদান করে প্রজ্ঞাপন জারি করে, যা এক দফা এক দাবির পরিপন্থী।’

এই নার্স নেতা আরও বলেন, ‘সকল স্তরের নার্সরা এই প্রজ্ঞাপন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। নার্স সমাজ যথেষ্ট ধৈর্যশীলতার পরিচয় দিয়ে আসছে। আমাদের দাবি ছিল অতিরিক্ত দায়িত্ব না দিয়ে পূর্ণদায়িত্ব দিতে হবে। পূর্ণাঙ্গ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালন করব আমরা।’

তবে কর্মবিরতি চলাকালীন হাসপাতালে জরুরি ও মুমূর্ষু রোগীদের সেবায় নার্স ও মিডওয়াইফারি জরুরি স্কোয়াড নিয়োজিত থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এর আগে এই এক দফা দাবিতে গত ১ ও ২ অক্টোবর দেশের সব হাসপাতালে ৮ ঘণ্টার কর্মবিরতির ডাক দেন নার্স ও মিডওয়াইফরা। প্রথম দিন ৩ ঘণ্টার কর্মবিরতি পালন করেন তারা। এ সময় বিভিন্ন হাসপাতালে নার্স না পেয়ে রোগীদের প্রচণ্ড দুর্ভোগ হয়। পরে সেদিন বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংস্কার পরিষদ নেতাদের সঙ্গে বসেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সেখানে এক দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়। পরে সেই আশ্বাসের ভিত্তিতে কর্মবিরতি স্থগিত করা হয়। সেদিন বলা হয় দাবি পূরণ না হলে নার্সরা পুনরায় কর্মবিরতিতে যাবেন। সেই প্রেক্ষিতেই আজ থেকে আবার কর্মবিরতিতে যাচ্ছেন নার্সরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত