দেশ ছেড়ে পালাতে পরিচয় গোপন করে সিটি করপোরেশনের মশার ওষুধ ছিটানোর কর্মী পরিচয়ে পাসপোর্ট নিয়েছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাময়িক বরখাস্ত) আবদুল্লাহিল কাফী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার আশুলিয়ায় আন্দোলনকারীদের গুলি করে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ উঠলে তিনি দেশ ছেড়ে পালানোর জন্য এ পাসপোর্ট করেন। গতকাল সোমবার পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এটিএম আবু আসাদ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি আরও জানান, বিষয়টি ধরা পড়ার পর ভুয়া তথ্য দিয়ে নেওয়া সেই পাসপোর্ট বাতিল করা হয়েছে। এ ঘটনায় গাফিলতির প্রমাণ পাওয়ায় পাসপোর্ট অধিদপ্তরের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আবু আসাদ বলেন, আবদুল্লাহিল কাফী পুলিশ কর্মকর্তা হিসেবে নেওয়া তার সরকারি পাসপোর্ট ফেরত দিয়ে পরিচয় গোপন করে সিটি করপোরেশনের কর্মী হিসেবে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেন। এজন্য তিনি সিটি করপোরেশনের জাল অনাপত্তি জমা দেন। আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদপ্তরে ওই পুলিশ কর্মকর্তা সাধারণের বেশে এসে সবার জন্য নির্ধারিত কাউন্টারে পাসপোর্টের জন্য আবেদন করেন। তিনি পাসপোর্টের জন্য জমা দেওয়া আবেদনপত্রের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্প্রেম্যান সুপারভাইজার পদ থেকে ইস্তফা দেওয়ার কাগজ জমা দেন।
আবদুল্লাহিল কাফী গত ১৫ আগস্ট আবেদন করে সেদিনই সাধারণ পাসপোর্ট পেয়ে যান উল্লেখ করে সংবাদ সম্মেলনে আবু আসাদ বলেন, জরুরি ফি জমা দেওয়ায় নিয়মানুযায়ী তিনি ওইদিনই পাসপোর্ট পান। তথ্য গোপন ও জাল কাগজপত্রের বিষয়টি ৪ সেপ্টেম্বর জানার পর পুলিশ কর্মকর্তা কাফীর নতুন পাসপোর্ট বাতিল করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়।
পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, ৯ সেপ্টেম্বর সংশ্লিষ্ট ব্যক্তিরা এ বিষয়ে জবাব দেন। ওইদিন জাহাঙ্গীর আলম তার গাফিলতির কথা স্বীকার করেন। পরে সবকিছু যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়ার পর গত রবিবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তদন্তে আর কারও গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পাসপোর্ট অধিদপ্তরের এই কর্মকর্তা।
এর আগে সাধারণ পাসপোর্ট নিয়ে বিদেশে যাওয়ার চেষ্টাকালে গত ২ সেপ্টেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবদুল্লাহিল কাফীকে আটক করা হয়। পরদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আবদুল মোমেনের সই করা এক প্রজ্ঞাপনে কাফীকে সাময়িক বরখাস্ত করা হয়।
