কুমিল্লার লালমাইয়ে অ্যাকশন ফর সোস্যাল ডেভেলপমেন্ট নামের একটি এনজিও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে অর্ধকোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে ভুক্তভোগী ২৫০জন হতদরিদ্র নারী লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও লালমাই থানার অফিসার ইনচার্জের নিকট লিখিত অভিযোগ করেন।
জানা গেছে, অ্যাকশন ফর সোস্যাল ডেভেলপমেন্ট নামের ভুয়া এনজিওটি গত ১লা অক্টোবর উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের হরিশ্চর চৌরাস্তা বাজারে অফিস ভাড়া নেয়। এনজিও ম্যানেজার মিজানুর রহমানসহ অফিসের কর্মীরা ওই এলাকার বাড়ি বাড়ি গিয়ে নারীদের ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে হিসাব চালু করতে অনুরোধ করেন। মাত্র ১শ টাকা জমা দিয়ে হিসাব চালু করলেও ৩-৪ দিন পরই এনজিও কর্মীরা ঋণের পরিমাণ অনুযায়ী সঞ্চয় ও প্রথম কিস্তির টাকা অগ্রিম জমা দিতে বলেন। সবাইকে ৭ অক্টোবর ঋণের টাকা দেওয়ার কথা বলে সঞ্চয় ও প্রথম কিস্তি বাবদ প্রায় ৫০ লক্ষ টাকা সংগ্রহ করে ৬ অক্টোবর রাতে অফিস বন্ধ করে এনজিও কর্মীরা পালিয়ে যায়।
এ বিষয়ে ভুক্তভোগী রাবেয়া বেগম বলেন, ‘আমাকে ৩ লক্ষ টাকা ঋণ দেওয়ার কথা বলে প্রথম কিস্তি বাবদ ৩০ হাজার টাকা নেন অ্যাকশন ফর সোস্যাল ডেভেলপমেন্টের (এএসডি) ব্রাঞ্চ ম্যানেজার। ঋণের জন্য সোমবার দুপুরে গিয়ে দেখি অফিসে তালা ঝুলানো।’
হরিশ্চর গ্রামের শাহিনুর আক্তার বলেন,‘বাড়িতে নতুন ঘর নির্মাণ করতে এনজিও ম্যানেজার আমাকে ৩লক্ষ টাকা ঋণ দেওয়ার প্রস্তাব দেয়। প্রলোভনে পড়ে আমি হিসাব চালু করি। প্রথম কিস্তি বাবদ ৩২ হাজার ১৫০ টাকা জমা দেই।’
লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলম বলেন, ‘অ্যাকশন ফর সোস্যাল ডেভেলপমেন্ট (এএসডি) নামের একটি এনজিও এর বিরুদ্ধে ভুক্তভোগী গ্রাহকরা লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ বিষয়ে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসান মুরাদ বলেন, ‘ভুক্তভোগীরা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি, মৃত বেড়ে ১১