মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব শেখ আবদুর রশিদ। আগামী ১৪ অক্টোবর থেকে দুই বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।
গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বলা হয়, অন্য পেশা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে ড. শেখ আবদুর রশিদকে দুই বছর মেয়াদে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্র্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ছয় দিনের মাথায় গত ১৩ আগস্ট বিসিএস-৮২ ব্যাচের কর্মকর্তা সাবেক অতিরিক্ত সচিব শেখ আবদুর রশিদকে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান করা হয়। তার চার দিনের মাথায় ১৭ আগস্ট আওয়ামী লীগ সরকারের সময় অতিরিক্ত সচিব হিসেবে কর্মজীবন শেষ করা ‘বঞ্চিত’ এই কর্মকর্তাকে সচিব পদমর্যাদায় ফিরিয়ে পরে পদোন্নতি দিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবে দুই বছরের চুক্তিতে নিয়োগ করা হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৯৮২ ব্যাচের এই কর্মকর্তা মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করেছেন। কর্মজীবনে তিনি বগুড়ার শেরপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক এবং টাঙ্গাইলের জেলা প্রশাসক হিসেবে তার দায়িত্ব পালন করেছেন।
তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া পল্লী উন্নয়ন একাডেমি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের অনুষদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন আবদুর রশিদ।
কর্মজীবনে জননিরাপত্তা বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, কৃষি মন্ত্রণালয় ও পরিকল্পনা বিভাগের উপসচিব, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান আমদানি ও রপ্তানিনিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি পেট্রোবাংলার চেয়ারম্যান ও জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োজিত ছিলেন।
ড. শেখ আবদুর রশিদ ১৯৫৭ সালের ৫ মে সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে পিএইচডি করেন। বিসিএসের ১৯৮২ ব্যাচের সম্মিলিত মেধা তালিকায় চতুর্থ ও প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অর্জন করেন।
বর্তমান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ২০২৩ সালের জানুয়ারিতে নিয়োগ পান। একই বছরের ১৪ অক্টোবর আরও এক বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার।
ছাত্র-জনতার প্রবল গণ-আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সরকারি বিভিন্ন দপ্তরের শীর্ষপদে পরিবর্তন হওয়ায় বাদ পড়েছেন চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া এক ডজনেরও বেশি সচিব।
