সুন্দরবনে ৬ বছরে বাঘ বেড়েছে ১১টি

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০৭:১৬ এএম

সুন্দরবনে গত ছয় বছরে বাঘ বেড়েছে ১১টি। এ নিয়ে দেশে এখন বাঘের সংখ্যা ১২৫, যা আগের জরিপে ছিল ১১৪। গতকাল মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আনুষ্ঠানিকভাবে এ তথ্য প্রকাশ করেন। বাংলাদেশে বাঘের একমাত্র আশ্রয়স্থল সুন্দরবনে জরিপ চালিয়ে এ সংখ্যা প্রকাশ করেছে বন বিভাগ।

উপদেষ্টা জানান, ২০১৫ সালে সুন্দরবনে ১০৬টি বাঘ ছিল আর ঘনত্ব ছিল প্রতি বর্গকিলোমিটারে ২ দশমিক ১৭। ২০১৮ সালে ১১৪টি বাঘ পাওয়া যায় আর ঘনত্ব ছিল ২ দশমিক ৫৫। ২০১৮ সালে বাঘের সংখ্যা ৮টি বেড়েছিল এবং বৃদ্ধির হার ছিল প্রায় ৮ শতাংশ।

তিনি বলেন, ২০২৩-২৪ সালের জরিপে ২১টি ব্যাঘ্র শাবকের ছবি পাওয়া গেছে, তবে শাবকদের সংখ্যা অন্তর্ভুক্ত করা হয়নি। কারণ ছোট বয়সে শাবকের মৃত্যুর হার অনেক বেশি। ২০১৫ ও ২০১৮ সালে মাত্র পাঁচটি শাবকের ছবি পাওয়া গিয়েছিল। পরিবেশ উপদেষ্টা বলেন, জরিপের ছবি ও তথ্য বিশ্লেষণ করে বাঘের সংখ্যা নির্ধারণ করা হয়। এ কাজে ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের মতামতও নেওয়া হয়।

জরিপটি ২০২৩ সালের জানুয়ারিতে শুরু হয়ে ২০২৪ সালের মার্চে শেষ হয়। সুন্দরবনের ৬০৫টি গ্রিডে ১ হাজার ২১০টি ক্যামেরা ৩১৮ দিন রেখে দেওয়া হয়, যার মধ্যে ৩৬৮টি গ্রিডে বাঘের ছবি পাওয়া যায়। ১০ লক্ষাধিক ছবি ও ভিডিও থেকে ৭ হাজার ২৯৭টি বাঘের ছবি পাওয়া যায়। এত বেশিসংখ্যক বাঘের ছবি এর আগে পাওয়া যায়নি।

রিজওয়ানা হাসান বলেন, বাঘের সংখ্যা বৃদ্ধির এ খবর দেশের সবার জন্য আনন্দের। বাঘ সংরক্ষণে সরকার ৫৩.৫২ শতাংশ বন সংরক্ষিত এলাকা ঘোষণা, ৬০ কিমি নাইলন ফেন্সিং, ১২টি আশ্রয়কেন্দ্র নির্মাণ, ক্ষতিপূরণ ও পুরস্কার প্রদান এবং ৪৯টি ভিলেজ টাইগার রেসপন্স টিম গঠনসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে। সরকারের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন।

সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এমএ আজিজ বলেন, ‘বাঘের প্রজননের জন্য সুন্দরবনে অনুকূল পরিবেশ আছে। আগামীতে বাঘের সংখ্যা আরও বাড়তে পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত