পুলিশ সদস্যদের মধ্যে যারা ছাত্র-জনতার আন্দোলনের সময়ে বা আগে-পরে অপরাধমূলক কাজে জড়িত ছিল, তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান। গতকাল মঙ্গলবার রাজধানীর ঢাকেশ^রী জাতীয় পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘বিগত সময়ে যেসব পুলিশ অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিপূর্বে অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের আমরা গ্রেপ্তারের চেষ্টা করছি।’ দুর্গাপূজা ঘিরে ঢাকা মহানগরীতে কোনো হামলার আশঙ্কা আছে কি না, জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘আমাদের জানামতে এমন কোনো আশঙ্কা নেই। এখন পর্যন্ত কোনো ধরনের ঝুঁকি আমরা দেখছি না। আশা করি সবাই সুন্দরভাবে পূজা উদযাপন করবেন। তবুও আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে নিরাপত্তা নিশ্চিতে কাজ করব।’
পুলিশ সদস্যদের মনোবল ফিরেছে কি না, জানতে চাইলে ডিএমপি কমিশনার মাইনুল হাসান বলেন, ‘৬ আগস্টে পুলিশের অবস্থা এবং আজকের পুলিশের অবস্থা আপনারা (সাংবাদিক) বিচার করুন। পুলিশ কী অবস্থায় আছে। এক সময় পুলিশ কর্মবিরতি দিয়েছিল, তারাও কাজ শুরু করেছে। পুলিশ অনেক অ্যাকটিভ রোলে ফিরে এসেছে। পূজায় আমরা দৃঢ় মনোবল নিয়ে অর্পিত দায়িত্ব পালন করব। এতে কোনো ব্যত্যয় ঘটবে না।’
সরকার পতনের আন্দোলন ও গত ৫ আগস্টে ঢাকাসহ সারা দেশে পুলিশ সদস্য হত্যার বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, প্রশ্নে তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়া নেওয়া হয়েছে। যেসব জায়গায় ঘটনা ঘটেছে, সেসব জায়গায় পুলিশ কেস হয়েছে।’
