বিএনপি সরকার গঠন করলে দেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিচারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আপনারা জানেন এটা আমাদের সরকার নয়, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের সরকার এলে প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে বিচারের ব্যবস্থা করবই।
আজ বুধবার দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে পূজার মণ্ডপ পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।
ফখরুল বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য একটি রাজনৈতিক দল, তারা বরাবরই বলে থাকে- তারাই নাকি এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের সবচেয়ে বড় ত্রাণকর্তা। কিন্তু আপনারা যদি দেখেন অতীতে যত ঘটনা ঘটেছে, তার নেতৃত্বে কিন্তু তাদের লোকেরাই সেখানে ছিল এবং বাংলাদেশে আপনাদের সম্প্রদায়ের মানুষের যত জমিজমা, সম্পত্তি দখল করে নেওয়া হয়েছে, তার মূলেও তারা ছিল।
বিএনপির মহাসচিব বলেন, বিশাল পরিবর্তনের পরে সারা দেশের মানুষ যখন আনন্দিত হয়েছে এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা তাদের মধ্যে সৃষ্টি হয়েছে, আশা তৈরি হয়েছে। এ সময় দুর্ভাগ্যজনকভাবে বিদেশি কিছু মিডিয়া, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে কথা বলেছে যা একেবারেই সত্য নয়। ঘটনা ঘটেনি আমি তা বলব না, তবে সেগুলো সাম্প্রদায়িক ঘটনা ছিল না, সেগুলো ছিল রাজনৈতিক ঘটনা।
তিনি বলেন, একটা অশুর শক্তি, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরিবর্তন হয়েছে এবং তাদের নেত্রী দেশ ছেড়ে চলে গেছেন। এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে। যেটাকে সমস্ত রাজনৈতিক দল এবং যারা বিপ্লবের সঙ্গে, বিদ্রোহের সঙ্গে সরাসরিভাবে সম্পৃক্ত ছিলেন সবাই মিলে সমর্থন দিয়েছি। এর পরিপ্রেক্ষিতে এ পূজা উদযাপনের বিষয়ে আমরা তাৎক্ষণিকভাবে সারা দেশে আমাদের দলের পক্ষ থেকে আপনাদের সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে যোগাযোগ স্থাপন করেছি, মতবিনিময় করেছি এবং সর্বাত্মকভাবে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা প্রতিটি অঞ্চলে প্রতিটি মণ্ডপে সশরীরে আমাদের নেতৃবৃন্দ এবং কর্মীদের নির্দেশ প্রদান করা হয়েছে এবং তারা এখন তাদের দায়িত্ব পালন করছেন।
ফখরুল বলেন, আমরা একটা ভয়াবহ দানবীয় শক্তিকে পরাজিত করে সম্ভাবনা সৃষ্টি করতে সক্ষম হয়েছি, যেখানে আমাদের একটা নতুন বাংলাদেশ নির্মাণ করার সুযোগ সৃষ্টি হয়েছে, যেখানে আমাদের মধ্যে কোনো ভেদ থাকবে না, ভেদাভেদ থাকবে না, ধর্মান্ধ, সাম্প্রদায়িকতা থাকবে না, এক বর্ণের সঙ্গে আরেক বর্ণের প্রতিশোধ, প্রতিহিংসা বা রাজনীতি থাকবে না।
পূজামণ্ডপে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আমি আজকে এখানে এসেছি দলের পক্ষ থেকে, দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এই শারদীয় দুর্গাপূজা আপনাদের জীবনে অনাবিল আনন্দ নিয়ে আসুক, একটা সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করুক, বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত হয়ে থাকুক… এই কামনা করছি, এই প্রত্যাশা করছি।
১৭ বছর বয়সে কানাডিয়ান গায়িকার মৃত্যু
প্রেমিকা কি বোনের বুদ্ধিতে চলে? জেনে নিন ৫ টিপস
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে দুদকের ৫ মামলা