মন্দা থেকে বের হতে পারছে না জার্মানি

  • ২০২৩ সালে জার্মানির অর্থনীতি সংকুচিত হয়েছিল
  • টানা দ্বিতীয় বছর মন্দার আশঙ্কা জার্মান সরকারের
  • অর্থনৈতিক দুরবস্থা ছাড়াও রয়েছে নতুন চ্যালেঞ্জ
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০৭:২৮ পিএম

জার্মানির অন্যতম দৈনিক স্যুড ডয়চে সাইটুং জানিয়েছে, ২০২৪ সালে টানা দ্বিতীয় বছরের মতো মন্দার আশঙ্কা করছে জার্মান সরকার। দেশটির অর্থ মন্ত্রণালয় বুধবার (৯ অক্টোবর) পূর্বাভাস কমানোর ঘোষণা দেবে বলে জানিয়েছে পত্রিকাটি।

২০২৪ সালে ০.৩ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির আশা করেছিল জার্মানি। তবে এর পরিবর্তে অর্থনীতি ০.২ শতাংশ সংকুচিত হবে বলে এখন মনে করছে সরকার। রপ্তানি ও কারখানা আদেশ কমে যাওয়া এবং জ্বালানির উচ্চমূল্য অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

জার্মানির পরিসংখ্যান অফিস ডেস্টাটিস জানিয়েছে, আগস্ট মাসে ফ্যাক্টরি অর্ডার কমেছে ৫.৮ শতাংশ।

জার্মান সরকার ২০২৫ সালে ১.১ শতাংশ ও ২০২৬ সালে ১.৬ শতাংশ প্রবৃদ্ধি আশা করছে বলে জানিয়েছে পত্রিকাটি। 

সরকারের প্রস্তাব করা প্রবৃদ্ধি উদ্যোগ কর্মসূচি এক্ষেত্রে ভূমিকা রাখবে বলে স্যুড ডয়চে সাইটুংকে জানিয়েছেন, দেশটির অর্থ মন্ত্রী রব্যার্ট হাবেক। এসব কর্মসূচির মধ্যে আছে কর ছাড়, শিল্পখাতের জন্য জ্বালানি মূল্যে ছাড়, লাল ফিতার দৌরাত্ম্য কমানো, বয়স্ক ব্যক্তিদের কাজ চালিয়ে যেতে প্রণোদনা দেওয়া, বিদেশি কর্মী আকর্ষণ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ইত্যাদি।

২০২৩ সালে বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে একমাত্র জার্মানির অর্থনীতি সংকুচিত হয়েছিল। রপ্তানি কমে যাওয়া এবং ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানির মূল্যবৃদ্ধি অন্যতম কারণ ছিল বলে জানিয়েছে অর্থনীতিবিদরা।

মূল্যস্ফীতি কমায় এবং ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমানোয় চলতি বছর অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে বলে আশা করা হয়েছিল।

অর্থনৈতিক দুরবস্থা ছাড়াও জার্মানি নতুন কিছু চ্যালেঞ্জের মুখে পড়ছে। যেমন- চীনের সঙ্গে প্রতিযোগিতা, দক্ষ কর্মীর অভাব এবং জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের লক্ষ্যমাত্রায় পৌঁছানো ইত্যাদি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত