সিনেমায় শিহাব শাহীন-নিশো জুটি!

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০২:৩৯ এএম

দুই দশকের ক্যারিয়ারে গেল বছর বড় পর্দায় অভিষেক ঘটে আফরান নিশোর। সিনেমাটি ব্যবসাও করে। কিন্তু এরপর অনেক সিনেমার ঘোষণা এলেও তা বাস্তবে রূপ পায়নি। দেড় বছরেও পাওয়া যায়নি নতুন কোনো আপডেট, যার কারণে অনেকেই বলতে বসেছিলেন তবে কি নিশো হারিয়ে গেলেন?

এর মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে, নতুন সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন নিশো। নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমাটি পরিচালনা করবেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। এই সিনেমার মধ্য দিয়ে তিনিও বড় পর্দায় ফিরছেন প্রায় ৯ বছর পর।

এও জানা গেছে, সিনেমাটিতে আফরান নিশোর বিপরীতে দেখা যেতে পারে কলকাতার এক নায়িকাকে। তবে এ বিষয়ে এখনই পরিচালক কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান কেউই মুখ খুলছেন না।

এই বিষয়ে জানতে শিহাব শাহীনের সঙ্গে যোগাযোগ করা হলে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আগামী অক্টোবর নাগাদ সিনেমাটির শুটিং শুরু হতে পারে। এরপর সেটি মুক্তি পাবে আগামী বছরের ঈদুল ফিতরে। এটি প্রযোজনা করছে আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং ভারতের এসভিএফ।

এদিকে ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তির ঘোষণায় রয়েছে রায়হান রাফীর ‘লায়ন’ সিনেমা। সিনে পাড়ায় ইতিমধ্যেই আলোচনা হচ্ছে, আসছে ঈদে ওপার বাংলার জিতের সঙ্গে টক্কর দেবেন আফরান নিশো। অন্যদিকে এই লড়াইয়ে যুক্ত হবেন শাকিব খানও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত