চতুর্থ উইকেটে ২৪৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে মুলতান টেস্টে নিজেদের অবস্থান আরও সুসংহত করে নিয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে পাকিস্তানের ৫৫৬ রানের জবাবে তৃতীয় দিন শেষে ইংল্যান্ড জড়ো করেছে ৩ উইকেটে ৪৯২ রান। এখনো তারা পিছিয়ে ৬৪ রানে।
গত আগস্টে লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন রুট। ছাড়িয়ে গিয়েছিলেন তার পূর্বসূরি স্যার অ্যালিস্টার কুককে। এবার সেই কুকের ১২,৪৭২ রান ছাড়িয়ে রুটই এখন রানসংখ্যায় ইংল্যান্ডের সর্বকালের সেরা। কুক ১৬১ টেস্টের ২৯১ ইনিংসে ১২,৪৭২ রান করেছেন। ১৪ টেস্ট ও ২৩ ইনিংস কম খেলেই তাকে ছাড়িয়ে গেলেন কুক। ইংল্যান্ডের এই অভিজ্ঞ ব্যাটারের লেগেছে ১৪৭ টেস্টের ২৬৮ ইনিংস।
মুলতান টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনের শেষ দিকে আমের জামালকে অন ড্রাইভে চার মেরে কুককে ছাড়িয়ে যান রুট। রানের দিক দিয়ে তিনি টেস্ট ইতিহাসের শীর্ষ পাঁচেও উঠে গেছেন। তার ওপরে আছেন শচিন টেন্ডুলকার, রিকি পন্টিং, জ্যাক ক্যালিস ও রাহুল দ্রাবিড়। ইংল্যান্ডের হয়ে এ কীর্তি গড়েই থামেননি রুট। ৩৫তম সেঞ্চুরি তুলে নিয়ে এগোচ্ছেন দুশোর দিকে। টেস্ট সেঞ্চুরির সংখ্যায় পেছনে ফেলেছেন সুনিল গাভাস্কার, ব্রায়ান লারা, মাহেলা জয়াবর্ধনে এবং ইউনিস খানকে। দিন শেষে রুট অপরাজিত আছে ১৭৬ রানে। ২৭৭ বলের ইনিংসে ১২টি চার মেরেছেন তিনি।
রুটের সঙ্গে ২৪৩ রানের জুটি গড়ার পথে নিজের ষষ্ঠ সেঞ্চুরির দেখা পেয়েছেন হ্যারি ব্রুক। ৪৯ বলে ফিফটি এবং ১১৮ বলে তিন অঙ্ক ছোঁন। দিনশেষে সাজঘরে যাওয়ার আগে ১২ চার ও ১ ছক্কায় ১৭৩ বল খেলে নামের পাশে ১৪৩ রান লিখেছেন ব্রুক। ১ উইকেটে ৯৬ রানে দিন শুরু করেছিল ইংল্যান্ড। দ্বিতীয় ও তৃতীয় উইকেটেও শতরানের জুটি গড়ে ইংল্যান্ড। সেঞ্চুরি পেতে পারতেন জ্যাক ক্রলি ও বেন ডাকেটও। ক্রলি আউট হন ৭৮ রানে আর ডাকেট ফেরেন ৮৪ রান করার পর।
