বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্য, একটি রাজনৈতিক দল (আওয়ামী লীগ) বরাবরই বলে থাকে তারাই নাকি এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের সবচেয়ে বড় ত্রাণকর্তা। কিন্তু আপনারা যদি দেখেন অতীতে যতগুলো ঘটনা ঘটেছে এদের লোকদের নেতৃত্বে ঘটেছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের যত জমি-জমা, সম্পত্তি দখল করে নেওয়া হয়েছে তার মূলেও ছিল তারা। আপনারা জানেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। আমাদের সরকার (বিএনপি) এলে প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে বিচারের ব্যবস্থা করবই।’ গতকাল বুধবার সকালে ঢাকেশ্বরী কেন্দ্রীয় পূজামণ্ডপে গিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন। দুর্গোৎসবের আনুষ্ঠানিকতার প্রথম দিনে সকালে পূজামন্ডপে বিএনপি মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা এলে মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মাসহ পূজা উদযাপন কমিটির নেতারা তাদের স্বাগত জানান। মন্দিরে প্রবেশ করে মির্জা ফখরুল পূজাম-প পরিদর্শন করেন এবং আগত পুণ্যার্থীদের শুভেচ্ছা জানান।
এ সময় ৮ দফা দাবি তুলে ধরে সন্তোষ শর্মা বলেন, ‘আমাদের ওপর যেসব অন্যায় হয়েছে, নির্যাতন হয়েছে আমরা তার ন্যায়বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা আশা করি আপনি আপনার দল আমাদের সঙ্গে থাকবে। কেন আশা করি? ৫ আগস্টের পরেও আপনার দলের নেতাকর্মীরা আমাদের মন্দির পাহারায় ছিলেন, বাড়িঘর পাহারায় ছিলেন। সে জন্য আজকের দিনে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আপনার নির্দেশে সারা বাংলাদেশে পূজা কমিটির টিমের সঙ্গে আপনাদের নেতারা সাংগঠনিকভাবে আলাপ-আলোচনা করেছেন। পূজায় আমাদের নিরাপত্তার কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সে জন্য আপনাদের ধন্যবাদ জানাই।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আপনারা যে ৮ দফার কথা বলেছেন তা আমরা বিবেচনা করছি। মূল যে বিষয়টি সেটার প্রতি আমাদের সর্বাত্মক সহানুভূতি রয়েছে। এটুকু বলতে পারি, অতীতে যেমন প্রতিটি সমস্যায় পাশে এসে দাঁড়িয়েছি ঠিক একইভাবে আগামীতেও আপনাদের সঙ্গে থাকব। পরিবর্তনের সুযোগ আমাদের সবাইকে নিতে হবে। এই দেশটা কারও একার নয়। ১৯৭১ সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। সেই স্বাধীনতা যুদ্ধের মূল চেতনা ছিল সাম্প্রদায়িক, সম্পূর্ণ গণতান্ত্রিক একটা রাষ্ট্র নির্মাণ করা। আমার দল, চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি।’
খালেদা জিয়ার শাসনামলে ঢাকার মেয়র প্রয়াত সাদেক হোসেনসহ মন্ত্রিসভার সদস্যদের ঢাকেশ্বরী মন্দিরে বিভিন্ন সমস্যার সমাধানের কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, আবদুস সালাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির মীর নেওয়াজ আলী, অমলেন্দু দাশ অপু, তানভীর আহমেদ রবিন প্রমুখ বক্তব্য রাখেন।
