বন্ধ থাকা ওয়ার্ডগুলোয় জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রক্রিয়া পুনরায় চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল বুধবার কর্মকর্তাদের তত্ত্বাবধানে অঞ্চল পর্যায়ে এ কার্যক্রম চালু করা হয়। গত ৫ আগস্টের পর ডিএনসিসির অধিকাংশ ওয়ার্ড কাউন্সিলর পলাতক থাকায় জন্মনিবন্ধন কার্যত বন্ধ ছিল। প্রশাসক নিয়োগ দেওয়ার কিছু ওয়ার্ডে এ সেবা চালু করা হয়। কিন্তু গত ২৬ সেপ্টেম্বর সারা দেশের বিভিন্ন সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরদের অপসারণ করা হয়। এরপর ডিএনসিসির ১ থেকে ৩৬ নম্বর ওয়ার্ডে নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যায়। ৩৭ থেকে ৫৪ নম্বর ওয়ার্ডে সহকারী নিবন্ধকের সহায়তায় আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা এ কার্যক্রম চালু রাখেন।
