রাজশাহী মেডিকেল থেকে নবজাতক নিয়ে উধাও নারী

আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৫:৩৫ এএম

রাজশাহীতে উন্নত চিকিৎসার জন্য কিছু টাকা হাতে তুলে দিয়ে কৌশলে নবজাতককে নিয়ে উধাও হয়েছেন এক নারী। ফাঁদে পা দিয়ে নবজাতকের নানি চিকিৎসার জন্য শিশুকে ওই নারীর হাতে তুলে দেন। গত বুধবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুর বাবার নাম সুমন মিয়া। তার বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর গ্রামে। সুমনের স্ত্রীর নাম মনি খাতুন (১৮)। সন্তান প্রসবের জন্য গত ৪ অক্টোবর মনিকে রামেক হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। গত রবিবার মনি খাতুন একটি ছেলেসন্তানের জন্ম দেন। নবজাতকের ওজন ছিল স্বাভাবিকের তুলনায় কম। এজন্য শিশুকে ২৬ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়। বুধবার অজ্ঞাতনামা এক নারী মাস্ক পরা অবস্থায় নবজাতকের মাকে সন্তানের ভালো-মন্দের বিষয়ে উপদেশ দেন। তখন মনি ওজন কম হওয়ার বিষয়টি ওই নারীকে জানান।

শিশুর বাবা সুমন আলী বলেন, ‘বুধবার বিকেলে হাসপাতালে আমার শাশুড়ি শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বোরকা পরিহিত ওই নারীর সঙ্গে কথা বলেন। এরপর ভালো চিকিৎসা দেওয়ার কথা বলে শিশুকে নিয়ে নগরীর এক হোটেলে যান ওই নারী। সঙ্গে শিশুর নানিও ছিলেন। তারপর সেখান থেকে কৌশলে শিশুকে নিয়ে পালিয়ে যান ওই নারী।’

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, ‘এ ঘটনা জানার পর থেকে আমরা নিজেরাও বিষয়টি খতিয়ে দেখছি। তাছাড়া কর্তৃপক্ষের মাধ্যমে প্রশাসনকে জানিয়েছি। সব সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে এবং পুলিশের সহযোগিতায় খুব দ্রুত একটা সমাধানে আসতে পারব বলে আশা করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত