ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির একাংশের ডাকা সংবাদ সম্মেলনে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে তৃতীয় তলায় মাওলানা আকরাম খাঁ হলে হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছে।
সংবাদ সম্মেলনের আয়োজক বিকাশ পরিবহন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম সৌরভ হোসেন বলেন, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি বাতেন ও সাধারণ সম্পাদক সাইফুলের নেতৃত্বে শতাধিক লোকজন হঠাৎ প্রেসক্লাবে এসে হামলা চালিয়ে সংবাদ সম্মেলন পণ্ড করে দেয়। এ সময় তারা কয়েকজনকে আহত করে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের এনায়েত উল্যাহর পরিবর্তে সাইফুলের লোকজন সারা দেশে সড়ক পরিবহনে চাঁদাবাজি করছে। তার বিরুদ্ধে কতিপয় মালিক আলাদা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়ার প্রেক্ষিতে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কমিটি ঘোষণার সিদ্ধান্ত নেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে ওই হামলার চালিয়েছে। জাতীয় প্রেসক্লাবের মত মর্যাদাপূর্ণ স্থানে এমন ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
এদিকে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম দেশ রূপান্তরকে বলেন, আমার সমিতির কোনো লোক সেখানে যায়নি। আর শুক্রবার বন্ধের দিন। মূলত যারা আজ সংবাদ সম্মেলন করেছে তারা দেশের পরিস্থিতিকে অশান্ত করার জন্য এই সংবাদ সমম্মেলন ডেকেছে। আর যারা আজ ছিল তারা শাজাহান খান, এনায়েত উল্যাহ এবং ওসমান আলীর লোকজন। এদের কেউ পরিবহন ব্যবসার সাথে জড়িত না বলে দাবি করেন তিনি।
