এসেছে শারদীয়া দুর্গোৎসব। এই উৎসবে আনন্দময় সময়টা গ্রামেই কাটান অপু বিশ্বাস ও বিদ্যা সিনহা মিম। দুজনই উত্তরবঙ্গের বগুড়া ও রাজশাহীতে নিজ গ্রামে পূজা উদযাপন করতে যান। তবে এবারে দুজনই ঢাকায় রয়েছেন। বিদ্যা সিনহা মিম জানিয়েছেন মা অসুস্থ থাকায় ঢাকাতেই থাকছেন। এছাড়া পূজার বেশিরভাগ সময়টা নিজ বাসাতেই উদযাপন করছেন। তবে রাজশাহীর বাঘায় পূজা পালনের সময়টাকে মিস করবেন।
দিকে, অপু বিশ্বাসও ঢাকাতেই থাকছেন। ঢাকাতেই পালন করছেন শারদীয়া দুর্গাপূজা। এই দুজনের আরও একটি মিল হলো দুজনই ঢাকার একই এলাকায় থাকেন। অপু বিশ্বাস বললেন, ‘পূজা ঢাকাতেই পালন করছি। যদিও আমার শৈশবের স্মৃতিগুলো গ্রামে। তবে এবার আর গ্রামে যাওয়া হয়নি। ঢাকার বিভিন্ন পূজাম-পে যাওয়ার পরিকল্পনা রয়েছে।’
নিজের সাজ-পোশাক নিয়ে বললেন, ‘এবারের পূজায় সাজ-পোশাকে ঐতিহ্যের বিষয়টি থাকছে। পূজার বিকেলগুলো পরিবারের সঙ্গে কাটাচ্ছি। জয়কে নিয়ে ঘুরতে গিয়েছি, আরও যে সময়টুকু রয়েছে, সেটা অনেক কিছু নিয়েই।’
বিদ্যা সিনহা মিম মায়ের অসুস্থতার কারণেই মূলত এবার ঢাকায় থাকছেন। বললেন, ‘আসলে মা অসুস্থ সে কারণে এবার ঢাকায় থাকছি। তবে গ্রামের আনন্দটাকে মিস করব। গ্রামে গেলে গ্রামের মানুষজনের জন্য উপহার নিয়ে যেতাম। সেটা নেওয়া হচ্ছে না, তাই আফসোস লাগছে। আর ঢাকাতে তেমন কোনো পরিকল্পনা নেই। বাসাতেই পূজা উদযাপন করছি। আত্মীয়-স্বজনদের সঙ্গেই সময়টা কেটে যাচ্ছে।’
এবার পূজায় বিদ্যা সিনহা মিম কোনো জামা-কাপড় কেনেননি। তবে কেনেননি বলে নতুন জামা নেই তা কিন্তু নয়। এবার মিম প্রচুর জামা ও শাড়ি উপহার পেয়েছেন। জানালেন যত উপহার পেয়েছেন তা পরেই শেষ করতে পারবেন না।
তবে শারদীয় দুর্গোৎসব নিয়ে পূজা চেরীর কোনো পরিকল্পনা নেই। কয়েক মাস আগে সব সময়ের সঙ্গী মাকে হারিয়েছেন। সেই শোক কাটিয়ে উঠতে পারেননি। আর পূজাতে মাকে ঘিরেই সব স্মৃতি। তাই এই আনন্দের সময় দুঃখই যেন তার সঙ্গী। পূজা বললেন, ‘গতবারও মা আমার সঙ্গে ছিলেন। বিভিন্ন পূজামণ্ডপে মা আমার হাত ধরে গেছেন। বিষয়টা এমন, আমি তার মা। ওই ব্যাপারটা আসলে রিকল হচ্ছে। এবার আসলে সেভাবে কোনো পরিকল্পনা নেই। নিজের জন্য একটা সুতাও কিনিনি। কিনবও না। কাজে ব্যস্ত থাকব।’
এদিকে সদ্য চলচ্চিত্রাঙ্গনে পা দেওয়া মন্দিরা চক্রবর্তী রয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানে টাইম স্কয়ারে দুর্গাপূজা পালনের বেশ কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। তবে আনন্দময় চেহারার ছবি পোস্ট করলেও বুকের ভেতরে রয়েছে বিষাদ। বললেন, ‘আসলে যুক্তরাষ্ট্রে রয়েছি, এখানে সেই আনন্দটা নেই। মা-বাবার সঙ্গে পূজা পালনের যে আনন্দ তা এখান থেকে খুবই মিস করছি।’
