ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জের ধরে মিন্টু মিয়া নামে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে নগরীর বাদে কল্পা এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কোতোয়ালি মডেল থানা-পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, ময়মনসিংহ নগরীর বাদে কল্পা এলাকায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মিন্টু মিয়ার সঙ্গে প্রতিবেশী জাহাঙ্গীর আলমের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিক গ্রাম্য সালিশও হয়েছে। শুক্রবার আবারও সালিশের আয়োজন করা হয়। অমীমাংসিত অবস্থায় সালিশের লোকজন বাড়ি থেকে যাওয়ার পরপরই জাহাঙ্গীর ও তার লোকজন মিন্টু মিয়াকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ সময় বাধা দিতে গেলে মিন্টু মিয়ার বড় ভাই আব্দুল করিমকেও কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মিন্টু মিয়ার ভাগ্নে রাকিবুল ইসলাম বলেন, জমি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
